রিয়াজ আহমদ ও শিরিনা বেগম। সম্পর্কে দুজন চাচা-ভাতিজি। রিয়াজ পড়ে দশম শ্রেণীতে, আর শিরিনা একাদশ শ্রেণীতে। বাড়ি থেকে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের দূরত্ব সাড়ে পাঁচ কিলোমিটার। রোজ ১১ কিলোমিটার পথ পায়ে হেঁটে যায়-আসে ওরা। এ জন্য রিয়াজ-শিরিনার প্রতি পরিবারের সবার আলাদা একটা সহানুভূতি আছে। বুদ্ধি করে এ সহানুভূতিকে কাজে লাগাল রিয়াজ ও শিরিনা।পরিবারের অভিভাবক আবদুল মালিক (৫৫)। তিনি রিয়াজের বাবা ও শিরিনার দাদা হন। অতিরিক্ত ধূমপান করতেন মালিক। বিড়ি-সিগারেট-তামাকের প্রতি ছিল তাঁর প্রচণ্ড নেশা। কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না এ মরণ নেশা। ছেলে ও নাতনি মিলে একদিন চেপে ধরল আবদুল মালিককে। বলল, পড়াশোনার জন্য তারা প্রতিদিন এত পথ হাঁটছে, এত কষ্ট করছে। এই কষ্ট তাদের লাঘব হতো, যদি তাদের একটি আবদার রাখতেন তিনি।ছেলে ও নাতনির মুখে এ কথা শুনে আবদুল মালিক বললেন, ‘একটি কেন, হাজার আবদার রাখতে তিনি প্রস্তুত।’ এবার রিয়াজ ও শিরিনা তাঁকে ধূমপান একেবারে ছেড়ে দিতে বলল। গল্পের মতো করে প্রায় তিন বছর আগের এ ঘটনা এভাবেই বর্ণনা করলেন আবদুল মালিক। তিনি বললেন, ‘সেই দিন থাকি আমি আর ধূমপান করি না।’সিলেটের কানাইঘাট উপজেলার প্রত্যন্ত গ্রাম মিকিরপাড়ায় রিয়াজ ও শিরিনাদের বাড়ি। আবদুল মালিক প্রায় তিন বছর ধরে ধূমপানমুক্ত। তাঁকে অনুসরণ করে লিবিয়াপ্রবাসী তাঁর বড় ছেলে (শিরিনার বাবা) আনোয়ার হোসেনও ধূমপান করেন না। ছেলে ও নাতনি শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষণীয় ভূমিকা পালন করছে বলে জানালেন আবদুল মালিক।শিক্ষা গ্রহণকালে শিক্ষার্থীদের এমন শিক্ষণীয় ভূমিকা রাখার এ শিক্ষাপ্রতিষ্ঠানটি হচ্ছে কানাইঘাটের সড়কের বাজার এলাকার ‘মালিক-নাহার মেমোরিয়াল একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ)’। রিয়াজ ও শিরিনা জানায়, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের মূল বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষাদীক্ষার পাশাপাশি মাদকবিরোধী প্রচার চালানো। ভর্তির শর্তে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করতে হয় এবং নিয়মিত শরীরচর্চা প্রদর্শনীতে থাকে মাদকবিরোধী প্রচার। এ থেকে নিজ পরিবারে ভূমিকা রাখতে উদ্যোগী হয়েছে তারা।অন্তরে অঙ্গীকার: ঘটনাটি শোনার পর যে কারোর মনে হবে, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান না জানি কত চাকচিক্যময় হবে। এমন ধারণা নিয়ে একদিন মালিক-নাহার মেমোরিয়াল একাডেমিতে যাওয়া। দেখা গেল, বাহ্যিক কোনো চাকচিক্য নেই। জকিগঞ্জ-কানাইঘাট সড়কলাগোয়া স্থানে ১ দশমিক ৫০ একর জায়গার ওপর এক চালা এক বারান্দার ৩৩০ ফুট দীর্ঘ একটি ভবন। দূর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে চেনার জন্য একটি সাইনবোর্ডও নেই। কিন্তু পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক দায়বোধ থেকে মাদকবিরোধী ধারাবাহিক প্রচারকর্ম প্রতিষ্ঠার মাত্র চার বছরের মাথায় শিক্ষাপ্রতিষ্ঠানটিকে অন্যরকম পরিচিতি এনে দিয়েছে। ‘মাদককে না’ বলার সামাজিক দায়বোধের ফসল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে এলাকাবাসী। ২০০৬ সাল থেকে যাত্রা শুরু প্রতিষ্ঠানটির। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে ৩৬০ জন শিক্ষার্থী রয়েছে। আর শিক্ষক আছেন ১৮ জন।‘আমি অঙ্গীকার করছি যে, জীবনেও মাদক স্পর্শ করব না। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির কাজে সদা সম্পৃক্ত থাকব...। নেশামুক্ত সমাজ গড়ব, মাদকমুক্ত দেশ গড়ব।’ ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন, ভর্তির যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে শিক্ষার্থীকে এই অঙ্গীকার লিখিতভাবে পূরণ করতে হয়। মুখে এ শপথবাক্য পাঠের পর তার ওপর দায়িত্ব বর্তায় নিজ ঘর থেকে মাদকবিরোধী প্রচার চালানোর। রিয়াজ-শিরিনার পরিবারের মতো ইতিবাচক আরও কিছু পরিবর্তনে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ স্বপন কুমার দাশ।শিক্ষাপ্রতিষ্ঠানের শরীরচর্চা-বিষয়ক শিক্ষক শংকর সূত্রধর জানান, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বছরে তিনটি মাদকবিরোধী শোভাযাত্রা হয়। এসব কর্মকাণ্ডের প্রস্তুতিতে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ক্ষতি না করে সেদিকেও খেয়াল রাখা হয়।কথা হয় স্থানীয় বাজারের এক মুদি দোকানির সঙ্গে। তিনি বলেন, ‘তারারে (শিক্ষার্থীদের) দেইখা এলাকা আর আগের মতো নাই...!’প্রতিষ্ঠাতা ‘ছাত্রনেতা’: শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কে—এমন প্রশ্নের জবাবে এলাকাবাসী থেকে শুরু করে শিক্ষার্থীদের ঝটপট জবাব, প্রতিষ্ঠাতা ‘ছাত্রনেতা’। প্রথম আলোর সঙ্গে আলাপকালে এ কে এম ফজলুল হক বলেন, ‘ছাত্রনেতা বলতেই আমাদের চোখের সামনে নেতিবাচক কিছু চিত্র ভেসে ওঠে। এ চিত্র বদলাতে আমি নিজে আগে শুদ্ধ হয়েছি এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাদকবিরোধী প্রচারকাজ চালিয়ে সামাজিক দায়িত্ব পালনের চেষ্টা করছি।’উদাহরণ টানতে গিয়ে ফজলুল হক জানান, ২০০৮ সালে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রথমবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে বিজ্ঞান বিভাগে শত ভাগ এবং মানবিক বিভাগে ৯৫ দশমিক ৪৫ ভাগ সাফল্য পায়।কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ বলেন, ‘আমি এ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে যতবার গেছি, ততবারই মুগ্ধ হয়েছি। প্রতিষ্ঠাতা থেকে শুরু করে শিক্ষকেরা বয়সে তরুণ হওয়ায় পড়ালেখা থেকে শুরু করে সব বিষয়ে দারুণ সমন্বয় লক্ষ করা গেছে।’