সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আজ রোববার শুরু হচ্ছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘ডি’-এর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়াজ আহম্মেদের কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। এ সময় ‘বি’ ইউনিটের মেধাক্রমের ১ থেকে ৭০০ নম্বরে থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দ্বিতীয় দিন কাল সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত ‘বি’ ইউনিটের ৭০১ থেকে ১১৫৯, বেলা দুইটা থেকে স্থাপত্যবিদ্যা বিভাগের ১ থেকে ৩০ এবং বেলা তিনটা থেকে কোটায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
এদিকে মঙ্গলবার সকাল নয়টা থেকে ‘এ’ ইউনিটের বিজ্ঞানের মেধাক্রমের ১ থেকে ২২৪, বেলা ১১টা থেকে একই ইউনিটের মানবিকের ১ থেকে ৩১০, বেলা দুইটা থেকে ব্যবসায় শিক্ষার ১ থেকে ৮৪ মেধাক্রমের শিক্ষার্থীদের ভর্তির সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। একই দিন বিকেল চারটায় ‘এ’ ইউনিটের কোটার মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেবেন ভর্তি কমিটির সদস্যরা।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের চার কপি সদ্য তোলা রঙিন ছবি, এসএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদ, এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও ভর্তির ফি বাবদ ৬ হাজার ৮৫০ টাকা নিয়ে আসতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদ আনতে হবে। এ ছাড়া সব সনদ ও নম্বরপত্রের দুই কপি করে ফটোকপি নিয়ে আসতে হবে।