ভর্তির সুযোগ পেল দৃষ্টিপ্রতিবন্ধী দুই ছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে কলেজে ভর্তির সুযোগ পেল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী বিশ্বজিৎ বসাক। গত রোববার চট্টগ্রাম কলেজের মানবিক বিভাগে ভর্তি হয়েছে সে।
এর আগে ৪ জুলাই দৃষ্টিপ্রতিবন্ধী আরেক শিক্ষার্থী আল আমিন হাজেরা তুজ ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে।
কলেজ ভর্তিতে এবার প্রতিবন্ধী কোটা না থাকায় এ দুই শিক্ষার্থীর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে প্রথম আলোতে ৪ জুলাই ‘দৃষ্টিপ্রতিবন্ধী দুই ছাত্র কলেজে ভর্তি হতে পারবে না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবন্ধী কোটা না থাকায় ওই দুজন শিক্ষা কোটায় আবেদন করেছিল। আল আমিন হাজেরা তুজ ডিগ্রি কলেজে ও বিশ্বজিৎ চট্টগ্রাম কলেজে ভর্তির জন্য বিবেচিত হয়। কিন্তু কোটা জটিলতায় তারা এত দিন ভর্তি হতে পারছিল না।
গত রোববার চট্টগ্রাম কলেজে ভর্তি হতে পেরে উচ্ছ্বসিত বিশ্বজিৎ জানায়, উচ্চমাধ্যমিকে সে আরও ভালো ফল করতে চায়।
বিশ্বজিতের মা সীমা বসাক বলেন, ‘আমার ছেলে অনেক সংগ্রামের পর ভর্তি হতে পেরেছে।’