আগে চালু থাকলেও কোনো কারণ ছাড়াই চলতি শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড (প্রফেশনাল) কোর্সে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা যোগ্যতার কারণে তাঁরা ভর্তির জন্য আবেদনই করতে পারেননি।
এ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক মাস ধরেই ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আসন্ন শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্সে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, আসন্ন শিক্ষাবর্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও বিএড (প্রফেশনাল) কোর্সে ভর্তির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন শিক্ষাবর্ষে ভর্তির বিষয়ে কয়েক দিনের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। তবে কী কারণে চলতি শিক্ষাবর্ষে তাঁদের এ সুযোগ দেওয়া হয়নি, তা স্পষ্ট করে কেউ জানাতে পারেননি।
এ কোর্স এক বছরমেয়াদি। সাধারণত বিদ্যালয়ে শিক্ষকতা পেশার জন্য এ কোর্স করা হয়।
চলতি ২০১৪ (জানুয়ারি-ডিসেম্বর) শিক্ষাবর্ষে বিএড প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়নি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের। গত বছরের নভেম্বরে ভর্তির ওই বিজ্ঞপ্তিতে যোগ্যতা হিসেবে প্রথমেই উল্লেখ করা হয়েছিল, আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। হঠাৎ করে ভর্তির সুযোগ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের বঞ্চিত করায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এবং বিএড কোর্সে ভর্তি-ইচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন তো সরকারই দিয়েছে। এ ছাড়া নর্থ সাউথ, ব্র্যাক, ইনডিপেনডেন্ট, ইস্ট ওয়েস্টসহ বেশ কিছু ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। তাই সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এভাবে ঢালাওভাবে বাদ দেওয়া অমানবিক। ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক হয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন (স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা) অধ্যাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি এ পদে নতুন এসেছেন। আগের বিষয়টি তাঁর জানা নেই। তবে ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হবে কয়েক দিনের মধ্যে। তাতে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। এর ফলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) স্বীকৃত যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাও এ কোর্সে ভর্তির সুযোগ পাবেন।