নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে এর প্রতিবাদে গতকাল বুধবার কলেজ ক্যাম্পাসে ভাঙচুর চালিয়েছে ছাত্রীরা। এ সময় অধ্যক্ষের কার্যালয়ও ঘেরাও করে রাখে তারা।
ছাত্রীদের অভিযোগ, মেধা তালিকা অনুযায়ী ভর্তির নির্দেশনা থাকলেও টাকার বিনিময়ে ভর্তি করানো হচ্ছে। কলেজ প্রশাসনের সহযোগিতায় এই ভর্তি-বাণিজ্য চালাচ্ছে পাশের তোলারাম কলেজ ছাত্রলীগের একটি পক্ষ। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে মেধা তালিকার বাইরে কিছু ছাত্রীকে ভর্তি করা হলেও টাকার বিনিময়ে কাউকে ভর্তি করানো হয়নি।
কলেজ সূত্রে জানা গেছে, সরকারি মহিলা কলেজে তিন বিভাগে মোট দুই হাজার ৪৫০টি আসন রয়েছে। মেধা তালিকা অনুযায়ী এসব আসনে মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ-৩, বিজ্ঞান বিভাগে ৪ দশমিক ৫৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪ পাওয়াদের ভর্তি হওয়ার কথা।
কিন্তু কলেজছাত্রীদের অভিযোগ, এর চেয়ে কম জিপিএ পাওয়া প্রার্থীরা ভর্তি হতে পারলেও এর চেয়ে বেশি জিপিএ পাওয়া ছাত্রীদের ভর্তি করা হচ্ছে না। টাকার বিনিময়ে অন্তত ছয় শ আসনে মেধা তালিকার বাইরে থেকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি-বাণিজ্যের প্রতিবাদে গতকাল সকাল ১০টার দিকে ছাত্রীরা কলেজে বিক্ষোভ শুরু করে। ঘেরাও করে অধ্যক্ষের কার্যালয়। একপর্যায়ে কলেজের কয়েকটি শ্রেণিকক্ষে ঢুকে চেয়ার-টেবিল ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে থাকা ফুলের টব ভাঙচুর করে ছাত্রীরা। ক্যাম্পাসের ভেতরে একটি প্রাইভেট কলেজের কাউন্টারেও হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, ভর্তি-বাণিজ্যের অভিযোগে ছাত্রীরা এ ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ তাদের শান্ত করে।
কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক চাপে বাধ্য হয়ে কিছু ছাত্রী ভর্তি করা হয়েছে মেধা তালিকার বাইরে থেকে। কিন্তু টাকার বিনিময়ে কাউকে ভর্তি করা হয়নি। তিনি বলেন, ‘ভর্তি নিয়ে আমি নিজেও হুমকির মুখে রয়েছি। মঙ্গলবার টেলিফোনে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’