ভর্তুকি ও প্রণোদনা চাইলেন গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সরকারিভাবে ভর্তুকি ও প্রণোদনা দেওয়া হয় না। অথচ এই শিল্পের মাধ্যমে গ্রামের মানুষ এখন বেশ স্বাবলম্বী হচ্ছে। দেশের মানুষের আমিষের চাহিদা অনেক পূরণ করছে। এ শিল্পের আরও প্রসারে ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার জন্য মন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন খামারি ও পোলট্রিশিল্পের উদ্যোক্তারা।

গতকাল রোববার সকালে কুষ্টিয়ায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দর কাছে এ আহ্বান জানানো হয়। মন্ত্রী কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক অজয় কুমার রায়, খুলনা বিভাগের উপপরিচালক নিজাম উদ্দিন, পুলিশ সুপার প্রলয় চিসিম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুল হক।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে সভায় কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার গবাদিপশু ও হাঁস-মুরগির অর্ধশতাধিক খামারি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েকজন নারী-পুরুষ খামারি তাঁদের উঠে আসার গল্প শোনান।

ভেড়ামারার পোলট্রিশিল্পের উদ্যোক্তা শাহিনুর রহমান বলেন, তিনি এমএ পাস করেছেন। মাধ্যমিকে পড়ার সময় থেকেই পোলট্রিশিল্পের কাজ শুরু করেন। এখন তিনি অনেক বড় খামার গড়ে তুলতে সমর্থ হয়েছেন। এ শিল্পের বিকাশের জন্য তিনি এ খাতে ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার আহ্বান জানান।

আবু হেনা মোস্তফা নামের এক গরুর খামারি বলেন, কুষ্টিয়া থেকে দেশের বিভিন্ন জেলায় গরু পাঠানো হয়। এখানে সবচেয়ে বেশি খামার আছে। দুধও বিক্রি করা হয়। এখানে দুধ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এ ব্যাপারে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, শিক্ষিত যুবকেরা গবাদিপশু ও হাঁস-মুরগি পালন করে অর্থনৈতিকভাবে লাভবানের পাশাপাশি বেকারত্ব মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। খামারিদের সুযোগ-সুবিধা দিতে মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। তাঁদের উন্নয়নে কাজ করা হবে।