ভর্তুকি দামে চট্টগ্রাম চেম্বারের চাল-চিনি বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ভর্তুকিতে চাল ও চিনি বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আজ শনিবার নগরের আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে এ বিক্রি কার্যক্রম শুরু হয়। বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চাল ১৮ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বেলা পৌনে ১২টার দিকে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম চেম্বার দীর্ঘদিন ধরে রমজান মাসে ভর্তুকি দামে পণ্য বিক্রি করছে। এবারও গরিব ও দুস্থ মানুষের কল্যাণে কম দামে চাল ও চিনি বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আশা করি এই কার্যক্রম তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে। সব ধরনের করপোরেট প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতা বোধ থেকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, ২৭ রমজান পর্যন্ত আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে অস্থায়ী বিক্রয়কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন জনপ্রতি পাঁচ কেজি চাল ও এক কেজি চিনি কেনা যাবে। এ ছাড়া নগরে আরও ১০টি পয়েন্ট নির্বাচন করে পয়লা রমজান থেকে একেক দিন একেক পয়েন্টে ভর্তুকি দামে পণ্য বিক্রি করা হবে।

এই বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল হোসেন, পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, অঞ্জন শেখর দাস, এ কে এম আকতার হোসেন, রকিবুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম চেম্বারের আগে গত শুক্রবার থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার।