ভর্তুকি মূল্যে চাল ও চিনি বিক্রি করছে চট্টগ্রাম চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে চাল ও চিনি বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার দুপুরে নগরের আগ্রাবাদ চেম্বার হাউসের সামনে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চাল ১৮ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম চেম্বার কয়েক বছর ধরে রমজান মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও গরিব ও দুস্থ মানুষের কথা চিন্তা করে কম দামে চাল ও চিনি বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে চেম্বারের কার্যক্রম তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২৭ রমজান পর্যন্ত আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে অস্থায়ী বিক্রয়কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন একজন ক্রেতা এখান থেকে পাঁচ কেজি চাল ও এক কেজি করে চিনি কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল হোসেন, পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, অঞ্জন শেখর দাস, এ কে এম আকতার হোসেন, রকিবুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।