চট্টগ্রাম চেম্বারের পর এবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারও গরিব মানুষের জন্য কম দামে রোজার পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার সকালে নগরের অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টস ভবনের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান।
অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, গত পাঁচ বছর ধরে মেট্রোপলিটন চেম্বার ভর্তুকিমূল্যে রোজার পণ্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। বড় ব্যবসায়ীদেরও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, এই বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চাল ২৫ টাকা ও চিনি ৩৭ টাকা এবং দুই লিটার বোতলের ভোজ্যতেল ২১০ টাকা দরে বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, পাঁচ কেজি চাল এবং দুই লিটারের এক বোতল সয়াবিন তেল কেনার সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত রোজার মাসে এ বিক্রয় কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বারে সহসভাপতি এ এম মাহাবুব চৌধুরী।