ভর্তুকির ওপর নির্ভর করে গ্যাসের দাম নিয়ে সিদ্ধান্ত নেবে বিইআরসি
ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম গড়ে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি কমিটি। তবে বিইআরসির কর্মকর্তারা বলছেন, সরকারের ভর্তুকির ওপর ভিত্তি করে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ করে সরকারি সংস্থা বিইআরসি। এই সংস্থার কাছে গত জানুয়ারিতে গ্যাসের দাম গড়ে ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেয় ছয়টি বিতরণ কোম্পানি। তবে তারা এর যৌক্তিকতা প্রমাণ করতে পারেনি।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২২ থেকে ২৪ মার্চ রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে শুনানি করে বিইআরসি। এই শুনানি শেষ হওয়ার আগেই ভর্তুকির পরিমাণ জানাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে ১৩ মার্চ চিঠি দেওয়া হয়েছিল। তবে তা জানানো হয়নি। পরে ৩১ মার্চ আবার চিঠি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উত্তর পায়নি বিইআরসি।
চিঠিতে বলা হয়, ২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানোর সময় প্রতি ঘনমিটারে ২ টাকা ৪৯ পয়সা করে সরকারি ভর্তুকি নির্ধারণ করে দিয়েছিল কমিশন। চলতি অর্থবছরে গ্যাস খাতে সরকার ভর্তুকি দেবে কি না, সে সিদ্ধান্ত জানা দরকার। বিইআরসির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভর্তুকির হিসাবে পরিবর্তন হতে পারে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্তের আগে ভর্তুকির পরিমাণ জানতে চায় কমিশন।
দুই চুলায় এখন ৭৭ ঘনমিটার গ্যাসের ব্যবহার ধরে আবাসিক গ্রাহকদের বিল করা হয়। এটি কমিয়ে ৬০ ঘনমিটার করার সুপারিশ করেছে কারিগরি কমিটি। এর মানে এত দিন ১৭ ঘনমিটারের বাড়তি বিল নিয়েছে বিতরণ কোম্পানি। এ হিসাবে শুধু গত দুই বছর এ খাতে প্রায় দুই হাজার কোটি টাকা বাড়তি দিয়েছেন গ্রাহক। এ টাকার বিষয়ে কোনো সুপারিশ করেনি কারিগরি কমিটি। তবে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দাবি, দুই চুলায় গ্যাসের বিল ৪০ ঘনমিটার ধরে হিসাব করতে হবে। প্রিপেইড মিটার গ্রাহকেরা মাসে গড়ে এই পরিমাণ গ্যাস ব্যবহার করেন।
বিইআরসির একাধিক কর্মকর্তা বলেন, বাড়তি ২৭ ঘনমিটার গ্যাস কোথায় যায়? এটাই দুর্নীতির বড় জায়গা।
জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল প্রথম আলোকে বলেন, কারিগরি কমিটি স্বাধীন। তারা তাদের প্রস্তাব করেছে। শুনানিতে বিভিন্ন প্রশ্ন উঠেছে। সব বিচার-বিশ্লেষণ করে ন্যায়সংগতভাবে গ্যাসের দাম নির্ধারণ করা হবে। জনপ্রভাব গুরুত্ব দেওয়া হবে।
দাম বাড়ানোর সুপারিশে সরকারের ভর্তুকি ২ টাকা ২৭ পয়সা ধরে হিসাব করেছে কারিগরি কমিটি। এতে আপত্তি জানিয়ে ক্যাব বলছে, মানুষের আয় কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় ভর্তুকি আরও বাড়ানো দরকার।
আগের ভর্তুকি বহাল রাখলে গ্যাসের দাম ইউনিটপ্রতি ১৬ পয়সা কমানো সম্ভব উল্লেখ করে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, কারিগরি কমিটির সুপারিশে অতীতেও বিভিন্ন অসংগতি ধরা পড়েছে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এগুলো নজরদারির মধ্যে রাখা হচ্ছে। সব দিক বিবেচনায় কমিশন গ্যাসের দাম কমাবে বলে তিনি আশা করেন।