ভর্তুকির কৃষি উপকরণ সরবরাহে ধীরগতি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কৃষি-ভর্তুকির আওতায় পাওয়ার টিলার ও ট্রাক্টর সরবরাহে ধীরগতির অভিযোগ করেছেন কৃষকেরা। ৭০ জন কৃষক পাওয়ার টিলার ক্রয়ের জন্য মনোনীত হলেও এ পর্যন্ত পেয়েছেন মাত্র চারজন। কৃষকদের অভিযোগ, টাকা দিয়েও তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ভর্তুকির পাওয়ার টিলার ও ট্রাক্টর ক্রয়ের জন্য ১০০ কৃষকের কাছ থেকে আবেদন সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭০ জনের নামে বরাদ্দ পাওয়া গেছে। ট্রাক্টর ক্রয়ে দুজনের নামে প্রস্তাব পাঠানো হলে মিলেছে একটি। চিটাগাং বিল্ডার্স মেশিনারিজ লিমিটেড ও এসিআই মোটরস লিমিটেড পাওয়ার টিলার ও ট্রাক্টর সরবরাহের কাজ পেয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যদু শীল বলেন, পাওয়ার টিলার কেনার জন্য ১৯ জন কৃষক ছাড়পত্র নিয়েছেন। এর মধ্যে ১০ জন টাকা জমা দিয়েছেন। তবে এ পর্যন্ত চারজন পাওয়ার টিলার কিনেছেন। ট্রাক্টরের ছাড়পত্র এখনো নেননি। আমন মৌসুম প্রায় শেষ পর্যায়ে বলে কৃষকেরা আপাতত পাওয়ার টিলার সরবরাহ নিচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, সরবরাহকারী প্রতিষ্ঠান যথাসময়ে সরবরাহ দিতে না পারায় কৃষকদের মধ্যে আগ্রহ কমে গেছে।সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কৃষক মুছা চৌধুরী অভিযোগ করেন, ৭০ হাজার ৫০০ টাকা জমা দিয়েও সরবরাহকারী প্রতিষ্ঠান তাঁদের ঘোরাচ্ছেন। এ বিষয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান চিটাগাং বিল্ডার্স মেশিনারিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. দিদারুল আলম বলেন, প্রতি উপজেলায় একসঙ্গে পাওয়ার টিলার সরবরাহ করতে হচ্ছে বিধায় বিলম্ব হচ্ছে।