ভর্তুকির পাওয়ার টিলারে অতিরিক্ত টাকা আদায়
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভর্তুকির পাওয়ার টিলার বিতরণে কৃষকদের কাছ থেকে টিলারপ্রতি অতিরিক্ত পাঁচ হাজার টাকা নেওয়া হচ্ছে। পরিবহন খরচ, পুনস্থাপন ও জ্বালানি তেল বাবদ সরবরাহকারী প্রতিষ্ঠান এই বাড়তি টাকা আদায় করছে বলে কৃষকেরা জানিয়েছেন। তবে কৃষি বিভাগ বলেছে, এভাবে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো নিয়ম নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (এফএমপি) অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলার কৃষকদের মধ্যে বিতরণের জন্য এ বছর ২৫৪টি পাওয়ার টিলার ও আটটি ট্রাক্টর বরাদ্দ দিয়েছে। প্রকল্পের নীতিমালা অনুযায়ী কৃষকেরা এসব পাওয়ার টিলার ও ট্রাক্টর কিনতে পঁচিশ শতাংশ টাকা ভর্তুকি পাবেন। সরকার এসব যন্ত্রের দাম নির্ধারণ করে দিয়ে নির্দিষ্ট সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করতে বলেছে।স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, এসিআই মটরস লিমিটেডের বাজারজাতকৃত বুল পাওয়ার ব্রান্ডের (মডেল জিএন-১২) পাওয়ার টিলারের দাম ৯২ হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভর্তুকি বাদে তালিকাভুক্ত কৃষকেরা ৬৯ হাজার টাকায় পাওয়ার টিলারটি কিনতে পারবেন। কিন্তু কৃষকেরা জানান, টিলারপ্রতি তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। পরিবহন খরচ ও জ্বালানি তেল বাবদ এসিআই মটরসের স্থানীয় পরিবেশক ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকার আলপনা মেশিনারিজের স্বত্বাধিকারী আরিফুল রহমান খান এ বাড়তি টাকা আদায় করছেন।সাগরদীঘি গ্রামের কৃষক সুখেন চন্দ্র জানান, ওই পরিবেশক তাঁর কাছ থেকে একটি পাওয়ার টিলার বাবদ ৭৪ হাজার টাকা নিয়েছেন। অতিরিক্ত টাকা পরিবহন খরচ, জ্বালানি তেল ও টিলার প্রতিস্থাপন বাবদ নেওয়া হয়েছে। ধলাপাড়া গ্রামের কৃষক মো. মোতালেব বলেন, ‘দোকানদার আমার কাছে ৭৬ হাজার টাকা চেয়েছে।’সূত্র জানায়, পাওয়ার টিলার কেনার পর জ্বালানি তেল পরিবেশকের ওই দোকান থেকেই কিনতে হয়। তা না হলে বিক্রয়-পরবর্তী মেরামতের সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়। ফলে বাধ্য হয়ে কৃষক ওই দোকান থেকে জ্বালানি তেল কিনেন।গত বুধবার বিকেল পর্যন্ত আলপনা মেশিনারিজ থেকে ৬৭টি পাওয়ার টিলার বিক্রি হয়েছে। আলপনা মেশিনারিজের স্বত্বাধিকারী আরিফুল রহমান খান প্রতিটি পাওয়ার টিলারে অতিরিক্ত পাঁচ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, পরিবহন ও জ্বালানি বাবদ এই টাকা নেওয়া হচ্ছে। তা ছাড়া এসব পাওয়ার টিলার রক্ষণাবেক্ষণেরও খরচ আছে। সরকার মূল্য নির্ধারণ করার সময় এসব খরচ অন্তর্ভুক্ত করেনি বলে তিনি দাবি করেন।তবে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম বলেন, কোনোভাবেই সরবরাহকারী প্রতিষ্ঠান প্রতিটি পাওয়ার টিলার বাবদ কৃষকদের কাছ থেকে ৬৯ হাজার টাকার বেশি নিতে পারবেন না। অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য ইতিমধ্যে তিনি আলপনা মেশিনারিজের স্বত্বাধিকারীকে বলেছেন বলে জানান।এফএমপির পরিচালক শেখ মো. নাজিম উদ্দিন গত বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, পরিবহন খরচের নামে কৃষকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া যাবে না। মূল্য নির্ধারণের সময় পরিবহন খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া জ্বালানি তেল কিনতেও কোনো কৃষককে বাধ্য করা যাবে না।