ভল্ট থেকে ২১ লাখ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কার্যালয়ের ভল্ট থেকে ২১ লাখ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে।এ ঘটনায় সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন জাহাঙ্গীর গতকাল বুধবার কোতোয়ালি থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ এ ঘটনায় খোকন নামের এক সুইপারকে গ্রেপ্তার করেছে।গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা সোসাইটির কর্মকর্তা, কর্মচারী ও ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।ঘটনাস্থল পরিদর্শন শেষে উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহেল বাকী সাংবাদিকদের বলেন, ‘গত মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে বুধবার সকাল নয়টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘এখানে সিসিটিভি ক্যামেরা নেই। আমরা খতিয়ে দেখছি, কারা এর সঙ্গে জড়িত। আশা করি, দ্রুত রহস্য উদ্ঘাটিত হবে।’সোসাইটির উপপ্রধান হিসাবরক্ষক মো. ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘দুটি ভল্টে মোট এক কোটি ১৩ লাখ টাকা ছিল। এর মধ্যে ২১ লাখ ৫৪ হাজার টাকা খোয়া গেছে। ক্যাশ কাউন্টারের ড্রয়ার থেকে ভল্টের চাবি নিয়ে একটি ভল্ট খোলা হয়।’গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সোসাইটির কার্যালয় পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের দ্বিতীয় তলায়। বাংলাদেশ ব্যাংকের নতুন ও পুরাতন ভবনের পুরো প্রাঙ্গণটি সীমানাদেয়াল দিয়ে ঘেরা।সূত্র জানায়, দুটি ভল্টের মধ্যে একটির লক চাবি দিয়ে খোলা হয়। ওই ভল্টের ১২টি ড্রয়ারের মধ্যে থেকে শুধু ১০০, ৫০০ ও ১০০০ টাকার বান্ডিল খোয়া গেছে। সামনাসামনি থাকা অন্য ভল্টের ছয়টি ভাগ। এর মধ্যে মাঝের সারির ডান পাশের ড্রয়ারটির তালা লাগানোর হুক খুলে ফেলা হয়। এখান থেকেও শুধু ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট খোয়া গেছে। ভল্টে থাকা ১০, ৫ ও ২ টাকার নোট খোয়া যায়নি। সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারী সোসাইটির সদস্য। এখানে তাঁদের সবার জমা হিসাব (ডিপোজিট অ্যাকাউন্ট) আছে। তাঁরা বেতন ও বোনাসের টাকা সোসাইটি কার্যালয় থেকে উত্তোলন করেন।মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সোসাইটির কর্মচারীরা কার্যালয়ে এসে বিষয়টি বুঝতে পারেন। পুলিশকে দেরিতে খবর দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘ব্যাংক ভবনে ঘটনা হওয়ায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়েছে। তারপর আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’