ভল্ট ভেঙে নয় লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ভল্ট ভেঙে নয় লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ছাড়া সাতটি কক্ষের আলমারি ও কাগজপত্র তছনছ করা হয়।
গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শনিবার ভোরের কোনো সময়ে কলেজের ধর্মপুর এলাকায় অবস্থিত ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনে ওই ঘটনা ঘটে।
এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন অধ্যক্ষ।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। একই সঙ্গে ওই ঘটনার জন্য কলেজ কর্তৃপক্ষ উপাধ্যক্ষ আবদুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, গতকাল সকাল নয়টায় প্রশাসনিক ভবনের তালা খুলতে গিয়ে দেখা যায় প্রধান ফটক থেকে সব ফটকের গ্রিলের তালা ভাঙা। এরপর একে একে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ১০০৮ নম্বর কক্ষ থেকে ১০১৫ নম্বর কক্ষ পর্যন্ত সব কক্ষেরই তালা খোলা পাওয়া যায়। এসব কক্ষের আলমারির তালা ভেঙে ড্রয়ার এলোমেলো করে রাখা হয়েছে। মূল্যবান কাগজপত্র তছনছ করে ফেলে রাখা হয়েছে।
১০০৮ নম্বর কক্ষে অধ্যক্ষের ড্রয়ার ও আলমারি ভাঙা হয়েছে। ১০১৩ নম্বর কক্ষে ছিল টাকা রাখার ভোল্ট। ওই ভল্টে নয় লাখ টাকা বৃহস্পতিবার ব্যাংক থেকে তুলে এনে রাখা হয়।
কলেজের ভারপ্রাপ্ত ক্যাশিয়ার মো. জুয়েল বলেন, বৃহস্পতিবার পূবালী ব্যাংক কান্দিরপাড় শাখা থেকে নয় লাখ টাকা আনা হয়। নয় লাখ টাকাই ১০১৩ নম্বর কক্ষের ভল্টে রাখা ছিল।