ভল্টের নিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভল্টের নিরাপত্তা নিশ্চিত করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দুই মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জিকে কমিটির প্রধান করা হয়েছে। এ ছাড়া কমিটিতে বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) রাখা হয়েছে।

বৈঠকের পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এম আসলাম আলম বলেন, সোনালী ব্যাংকই দুর্বৃত্তদের লক্ষ্য, কারণ এই ব্যাংকে টাকা বেশি থাকে। অন্য ব্যাংকও এই ব্যাংকে টাকা জমা রাখে।

সুড়ঙ্গ কেটে টাকা চুরির ঘটনা সম্পর্কে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর যেখানে শাখা আছে, সেই শাখার আশপাশে যাঁরা থাকেন, তাঁদের নাম-ঠিকানা সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।

সচিব বলেন, বৈঠকে সরকারি ব্যাংকগুলোর পক্ষ থেকে নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় শাখা স্থাপনের কথা বলা হয়েছে। তবে এটা দীর্ঘমেয়াদি ও সময়সাপেক্ষ ব্যাপার বলে জানান সচিব।

বৈঠকে রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।