ভস্মীভূত ফার্নিচার মার্কেটে ধ্বংসস্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আসকারদীঘির পাড়ে পুড়ে যাওয়া ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীরা গতকাল সোমবার ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত ছিলেন। তাঁদের পাশাপাশি দুশ্চিন্তায় পড়েছেন এসব দোকানে কার্যাদেশ দিয়ে অগ্রিম টাকা দেওয়া ক্রেতারা। অনেক ক্রেতা গতকাল দোকানিদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে। তাঁরা ব্যবসায়ীদের সহমর্মিতা জানানোর পাশাপাশি পছন্দের ফার্নিচারটি আর তৈরি করা সম্ভব হবে কি না জানতে চেয়েছেন।
লুসাই ফার্নিচারের মালিক নাছির উদ্দিন বলেন, ‘এখন আমরা আপাতত পরিষ্কার করে কোনোরকমে টিন দিয়ে কিছু করার চিন্তাভাবনা করছি। আমাদের প্রত্যেক দোকানদারের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।’
ব্যবসায়ীদের মতে, রোববারের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। আগুনে ১৩টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি ৩২টি বস্তিঘরও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। আজ-কালের মধ্যে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অর্থ ও চাল দিয়ে সহযোগিতা করা হবে বলে জানা গেছে।
জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের প্রত্যেককে নগদ দুই হাজার টাকা ও ৩০ কেজি চাল দেওয়া হবে। স্থানীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি তাঁদের মধ্যে আজ-কালের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।