ভাংচুর ও মারধরের মামলায় তিন পোশাক শ্রমিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি তৈরি পোশাক কারখানার তিন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভাংচুর ও মারধরের অভিযোগে কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শ্রমিকেরা হলেন, ঝুমা (২২), ঝর্না (২৭) ও রফিকুল ইসলাম (২৮)।পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ এনে গত সোমবার ডিইপিজেডের হোপলন প্যাকেজিং বিডি লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক সংঘের সভাপতি মহায়মেনুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়। তাঁকে পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার প্যাকেজিং বিভাগের কয়েক শ শ্রমিক বিক্ষোভ করেন। ওই দিন বিকেলে বাসায় ফেরার পথে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। রাতে কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আবদুল্লাহ আল আমিন বাদী হয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় চাকরিচ্যুত মহায়মেনুলসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন শ্রমিককে আসামি করা হয়। বুধবার সকালে শ্রমিকেরা কর্মস্থলে গিয়ে ওই কর্মীকে পুনর্বহাল এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে কর্মবিরতি পালন করেন। শ্রমিক অসন্তোষের কারণে গত বৃহস্পতিবার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা অভিযোগ করেন, কারখানা বন্ধের পর পুলিশ প্রতি রাতেই তাঁদের বাসায় গিয়ে হানা দিচ্ছে। পুলিশের ভয়ে অধিকাংশ শ্রমিকই গা-ঢাকা দিয়েছেন। তাঁদের না পেয়ে পুলিশ বাসার অন্য লোকজনের সঙ্গে অশালীন আচরণ করছে।মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, গতকাল শ্রমিকদের ১২ দফার দাবিসংবলিত প্রচারপত্র বিতরণ করার সময় তিন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গণহারে কোনো শ্রমিকের বাসায় যাওয়া হচ্ছে না বলে এসআই মোস্তফা দাবি করেন।