ভাই, গরু কত নিল?

নীরবের বয়স এখন তেরো বছর। এই কিশোর পড়ে নবম শ্রেণিতে। বাবা-মায়ের সঙ্গে সে থাকে মধ্যবাড্ডায়। বুধবার রাতেই তার বাবা তাকে বলেছিল, আজ বৃহস্পতিবার তাকে সঙ্গে নিয়ে গরু কিনতে হাটে যাবেন। উত্তেজনায় প্রায় নির্ঘুম রাত কাটায় নীরব।
আজ সকাল সকাল বাবা আনোয়ারুল ইসলামের হাত ধরে সোজা চলে আসে আফতাবনগর গরুর হাটে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাবা-ছেলে মেলে পুরো হাট চষে ফেলে। গরু পছন্দ হলে দামে মেলে না। আবার কম দামের গরু পছন্দ হয় না। শেষমেশ বেলা একটার দিকে হাঁটতে হাঁটতে ক্লান্ত নীরব তার বাবাকে বলে, ‘বাবা, কালো রঙের এই গরুটা কেন। আমার পছন্দ হয়েছে।’
সেই গরুটি কিনে বাড়ির পথে হাঁটা শুরু করেন বাপ-বেটা। কিছুক্ষণ পরপর লোকে তাঁদের কাছে জানতে চায়, ‘ভাই কত নিল গরু?’ মুখে হাসি রেখে নীরব বলতে থাকে, ৬৫ হাজার টাকা।
আফতাবনগর হাটের ৫ নম্বর কাউন্টারের সামনে কথা হলো বাবা-ছেলের সঙ্গে।

রামপুরা সড়কের পূর্ব পাশে আফতাবনগর হাট। ঢাকার অন্যান্য গরুর হাট থেকে একেবারই আলাদা। সড়কের দুই পাশে এখন গরুর সারি। মাঝখানে রয়েছে গাছ। দেখা গেল, রামপুরার প্রধান সড়ক থেকে পূর্ব পাশের সড়কের বাম পাশ দিয়ে ক্রেতারা দলে দলে বাজারে ঢুকছেন। কেউ রিকশায় করে আবার কেউ পিকআপে করে যাচ্ছেন। বাম পাশে রাস্তায় যখন হাটমুখী জনস্রোত, ঠিক তখন আবার ডান পাশের রাস্তায় উল্টো চিত্র। গরু কেনার পর হাসতে হাসতে দলে দলে বাড়ি ফিরছেন ক্রেতা। বাম পাশের রাস্তা থেকে সামনের দিকে এগিয়ে গিয়ে তারা গরু কিনে বাড়ির পথ ধরা ক্রেতাদের কাছে জানতে চাচ্ছেন, ভাই, কত নিল গরু?
আফতাবনগর হাটের মতো ঢাকার অন্য হাটগুলোর চিত্র একই রকম। একদল গরু কিনে বাড়ি ফিরছেন আর একদল হাটমুখী হচ্ছেন। গরু কিনে ফেরা লোকদের বলতেই হচ্ছে, ‘ভাই, গরুটি এত টাকা দিয়ে কিনেছি।’
আফতাবনগর হাট ঘুরে দেখা গেল, যেখানে দেশি ছোট ছোট গরু বাঁধা, সেখানে ক্রেতাদের ভিড় বেশি।

মনোয়ার চৌধুরী হাটে আসেন দুপুর ১২টায়। দেশি জাতের ছোট গরু কেনার ইচ্ছে নিয়ে তিনি আসেন। কিনবেন কালো রঙের গরু। ঘুরতে থাকেন হাটে। দর-কষাকষির পর ৭৫ হাজার টাকায় একটি দেশি জাতের কালো রঙের গরু কিনে তিনটার পর বাড়ি ফেরেন মনোয়ার।
আফতাবনগর হাট ঘুরে দেখা গেল, বেশির ভাগ ক্রেতা ৪০ হাজার থেকে ৮০ হাজার টাকা দামের দেশি গরু কিনছেন। গরু কিনে বাড়ি ফেরা ক্রেতাদের বক্তব্য হচ্ছে, গরুর দাম নাগালের মধ্যে আছে। ভালো দামে কিনতে পারছেন। বুধবার সকালের বৃষ্টির পর দাম কিছুটা পড়ে যায়। তবে দুপুরের পর দাম আগের জায়গায় ফিরে যায়।
বিক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত গরু আছে। বেচাকেনাও হচ্ছে। লাভেই তারা বিক্রি করছেন।
বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দেখা গেল, গরুর দাম আজ ক্রেতাদের নাগালের মধ্যে আছে। গরু কিনে বাড়ি ফেরা ক্রেতাদের পরামর্শ, গরু আজই কিনুন। সহনীয় দামে কিনতে পারবেন।
ছোট গরুর তুলনায় বড় গরু বিক্রির পরিমাণ কম। কুষ্টিয়া থেকে আসা গরু বিক্রেতা আবদুর রহমান বলেন, ছোট গরু সমানে বিক্রি হচ্ছে। বড় গরু নিশ্চয় বিক্রি হবে। বড় লোকেরা নিশ্চয় এসব গরু কিনে নেবেন।