ভাই-বোনকে অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন
খুলনায় ভাই-বোনের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটায় নগরের শিববাড়ী মোড়ে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচি পালন করে।
‘প্রথম আলো অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়ক তহবিল’ এই মানববন্ধনের আয়োজন করে। প্রথম আলো বন্ধুসভা খুলনার সদস্যদের পাশাপাশি কর্মসূচিতে অ্যাসিডদগ্ধ দুই ভাই-বোনের স্বজন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার জেলা সমন্বয়ক মোমিনুল ইসলাম, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, খুলনা মহানগর ছাত্রফ্রন্টের সভাপতি গৌর বমন, প্রথম আলোর খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোমিনুল ইসলাম বলেন, পুরুষ ও নারী যাঁরাই অ্যাসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন, তাঁদের শরীরের ক্ষত সারা জীবন থেকে যায়।
এম এ কাশেম বলেন, খুলনায় দুই বছর পর আবার অ্যাসিড-সন্ত্রাসের ঘটনা ঘটল। এবার পৈশাচিক আচরণের শিকার দুই ভাই-বোন। খুলনাসহ সারা দেশের মানুষ আর একটিও অ্যাসিডে ঝলসানো মুখ দেখতে চায় না। এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতেদর অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।