ভাই-বোনের রাজনৈতিক যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাই-বোনের রাজনৈতিক যুদ্ধ আর কৌশল নিয়ে ব্যাপক আলোচনা চলছে। খোঁজ নিয়ে দেখা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং তাঁর ভাই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন নিজ নিজ দলের প্রার্থীদের জিতিয়ে আনতে নানা রাজনৈতিক কৌশল নিচ্ছেন।

অন্যদিকে, সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপি ও প্রভাব খাটানোর আশঙ্কা করা হচ্ছে। তবে সরকারি দল ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ধরনের আশঙ্কার কথা নাকচ করে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত সরদার মো. খালেদ হোসেন, ওয়ার্কার্স পার্টি-সমর্থিত বজলুর রহমান, বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল আহসান খান, বিএনপির বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খান ও ইসলামী আন্দোলনের মিজানুর রহমান।

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই এখানে আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আলোচনায় ছিলেন। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসতে না আসতেই নানা মেরুকরণ হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের একসময় সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত থাকা নিয়েও নানা কথা উঠেছে ভোটারদের মধ্যে। স্বাভাবিক জীবনে ফিরে আসা একসময়ের সর্বহারা পার্টির সাবেক সদস্যরা এলাকায় বেশ প্রভাবশালী অবস্থানে রয়েছেন। তাঁরাও বিভিন্ন দলের হয়ে নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন।

শুরু থেকেই বিএনপির প্রার্থী নিয়ে দলের কর্মী ও সমর্থদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের আশীর্বাদপুষ্ট কামরুল আহসান খান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীনের সমর্থনপুষ্ট বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খান দলের সমর্থন চান। এ ক্ষেত্রে এগিয়ে যান সেলিমা রহমান। পরে সুলতান আহমেদ খানকে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে পরিচয় করানোর চেষ্টা করা হলেও সেটা সফল হয়নি। এর মধ্যে ৬ মার্চ সুলতান আহমেদ একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী লড়াইয়ে তিনি অনেকটাই পিছিয়ে পড়েছেন বলে মনে করছেন ভোটাররা।

অন্যদিকে, সুলতান আহমেদ খানের জামিন বাতিল বিষয়ে অভিযোগের আঙুল ওঠে সরকারি দলের দিকে। কিন্তু দুই-তিন দিন ধরে এলাকায় চাউর হয়, এ ঘটনার পেছনে সেলিমা রহমানের হাত রয়েছে।

সুলতান আহমেদ খানের ইউনিয়ন মাধবপাশার বেশ কয়েকজন ভোটার জানান, এ কারণে সুলতানের বেশির ভাগ সমর্থক ওয়ার্কার্স পার্টি-সমর্থিত প্রার্থীর দিকে ঝুঁকে পড়েছেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার মো. খালেদ হোসেনের অবস্থান শুরু থেকে ভালো থাকলেও কয়েক দিন ধরে তাঁকে নিয়ে নানা রকম প্রচারণা চলছে। ওয়ার্কার্স পার্টির প্রার্থী বজলুর রহমানকে মহাজোটের প্রার্থী হিসেবে প্রচার চালানো হচ্ছে। সাধারণ ভোটারদের ধারণা, দুই প্রার্থীকে নিয়ে এসব ঘটনা ও রটনা রাশেদ খান মেনন ও সেলিমা রহমানের রাজনৈতিক কৌশলের অংশ।

এদিকে, গতকাল বরিশালে একটি উন্নয়ন সভায় অংশ নিতে আসেন রাশেদ খান মেনন। বেলা তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন তিনি। এর আগে একজন অসুস্থ রোগীকে দেখতে বাবুগঞ্জে যান মেনন। এ সময় তাঁর সঙ্গে সরকারি প্রোটোকল ছিল।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার মো. খালেদ হোসেন এই প্রতিবেদকের কাছে বলেন, নির্বাচনের আগে উন্নয়ন সভায় অংশ নিয়ে এবং প্রোটোকল নিয়ে এলাকায় এসে নির্বাচনকে প্রভাবিত করছেন মেনন।

তবে বাবুগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হাই আল-হাদী জানান, এ বিষয়ে তাঁর কাছে লিখিত বা মৌখিক কোনো ধরনের অভিযোগ আসেনি। তিনি আরও বলেন, রাশেদ খান মেনন বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি এলাকার ভোটার। তাই তিনি ওই এলাকায় যেতে পারেন। এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘এ ধরনের অভিযোগ কীভাবে করতে পারেন তিনি? আমি রোগী দেখেই বরিশালে ফিরেছি। নির্বাচনে ভোট দিতে যাব।’

এদিকে, নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও প্রভাব খাটানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান বিএনপির নেত্রী সেলিমা রহমান। সাধারণ ভোটারদের মধ্যেও এ ধরনের আশঙ্কা দেখা গেছে। চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ভোটার খলিলুর রহমান বলেন, ‘সবাই ঠিকমতো ভোট দিতে পারলে জমজমাট নির্বাচন হবে।’

জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, এ ধরনের শঙ্কা অমূলক। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।