ভাই বোনের রাজনৈতিক যুদ্ধ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভাই-বোনের রাজনৈতিক যুদ্ধ আর কৌশল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ভোটাররা বলছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং তাঁর ছোট ভাই ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মন্ত্রী রাশেদ খান মেনন নিজ নিজ দলের সমর্থিত প্রার্থীদের জিতিয়ে আনতে নানা রাজনৈতিক কৌশল নিচ্ছেন।
আজ শনিবার বরিশালের বাবুগঞ্জ, মুলাদী ও হিজলা উপজেলা পরিষদের নির্বাচনের ভোট নেওয়া হবে। এর মধ্যে বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত সরদার মো. খালেদ হোসেন, ওয়ার্কার্স পার্টি-সমর্থিত বজলুর রহমান, বিএনপি-সমর্থিত প্রার্থী কামরুল আহসান খান, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খান ও ইসলামী আন্দোলনের মিজানুর রহমান।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচারণার শুরু থেকেই আওয়ামী লীগ, বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আলোচনায় ছিলেন। কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসতে না আসতেই নানা মেরুকরণ হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের দুই প্রার্থীর একসময় সর্বহারা পার্টির সঙ্গে যুক্ত থাকা নিয়ে নানা কথা উঠেছে। এ ছাড়া স্বাভাবিক জীবনে ফিরে আসা সর্বহারা পার্টির সাবেক সদস্যরা এলাকায় বেশ প্রভাবশালী অবস্থানে রয়েছেন। তাঁরাও বিভিন্ন দলের হয়ে প্রচারণা চালিয়েছেন।
শুরু থেকেই বিএনপির প্রার্থী নিয়ে দলের কর্মী-সমর্থদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। সেলিমা রহমানের আশীর্বাদপুষ্ট কামরুল আহসান খান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীনের সমর্থনপুষ্ট বর্তমান চেয়ারম্যান সুলতান আহমেদ খান দলের সমর্থন চান। শেষ পর্যন্ত সমর্থন পান কামরুল। ৬ মার্চ সুলতান একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে গতকাল বরিশালে একটি সভায় অংশ নিতে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বেলা তিনটায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক করেন। এর আগে একজন রোগীকে দেখতে বাবুগঞ্জে যান।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সরদার মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে উন্নয়ন সভায় অংশ নেওয়া এবং প্রোটোকল নিয়ে এলাকায় এসে নির্বাচনকে প্রভাবিত করছেন মেনন।
এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘এ ধরনের অভিযোগ কীভাবে করতে পারেন তিনি? আমি রোগী দেখেই বরিশালে ফিরেছি। আমি বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠি এলাকার ভোটার। নির্বাচনে ভোট দিতে যাব।’
এদিকে গত বৃহস্পতিবার রাত আটটায় বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেলিমা রহমান অভিযোগ করেন, উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও দলীয় প্রার্থীকে বিজয়ী করাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। তারা তাদের পেটোয়া বাহিনী ও পুলিশ দিয়ে ১৯ দলের নেতা-কর্মীদের হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে।
সাধারণ ভোটারদের মধ্যেও এ ধরনের আশঙ্কা দেখা গেছে। চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ভোটার খলিলুর রহমান বললেন, ‘সবাই ঠিকমতো ভোট দিতে পারলে জমজমাট নির্বাচন হবে।’