ভাই-ভাইপোর জন্য থানায় পড়ে আছেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাদল মিয়া। ছবিটি বুধবার রাতে পল্টন থানার সামনে তোলা। ছবি: আসাদুজ্জামান
বাদল মিয়া। ছবিটি বুধবার রাতে পল্টন থানার সামনে তোলা। ছবি: আসাদুজ্জামান

ভাই ও ভাইপোকে ফিরে পাওয়ার আশায় গত তিন দিন ধরে পল্টন থানায় পড়ে আছেন ময়মনসিংহের কৃষক বাদল মিয়া। বাদলের দাবি, তাঁর ভাই মিজানুর রহমান এবং ভাইপো সুমনকে মালয়েশিয়ায় আটকে রেখে নির্যাতন করছে মানবপাচারকারী চক্র। টাকা না দিলে তাঁদের মেরে ফেলার হুমকিও দিয়েছে মানবপাচারকারীরা।

বাদল মিয়ার ভাই মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
বাদল মিয়ার ভাই মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

বাদল মিয়া বলছেন, ১০ দিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন তাঁর ভাই ও ভাইপো। এরই মধ্যে গতকাল মঙ্গলবার মামলা করেছেন তিনি। একজন মানবপাচারকারীকে গ্রেপ্তারও করেছে পল্টন থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. কাশেম (৪০)। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত আসামিকে এক দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় বাদলের ভাই ও তাঁর ভাইপোকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। মামলার প্রধান আসামি কাজী আবদুল হালিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাদল প্রথম আলোকে বলেন, গত ২০ মে তাঁর ভাই মিজান ও ভাইপো সুমনকে মালয়েশিয়ায় পাঠানো হয়। ২৫ মে মিজান মোবাইল ফোনে তাঁকে জানান, অজ্ঞাত স্থানে আটক রেখে নির্যাতন চালানো হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়, মানবপাচারকারী আসামি কাজী আবদুল হালিমের সঙ্গে বাদলের বড় ভাই নূর নবীর পরিচয় হয়। সেই সুবাদে মিজান ও সুমনকে পাঠানোর জন্য গত ফেব্রুয়ারিতে তিন লাখ টাকা হালিমকে দেওয়া হয়। আর গত ২০ মে দেওয়া হয় আরও ৪ লাখ টাকা। পল্টনের সাইদ ইন্টারন্যাশনালের মালিক এম এ আবু সাঈদের অফিসে বসেই হালিমের হাতে টাকা দেন বাদল। মামলায় আবু সাঈদকেও আসামি করা হয়েছে। মিজান ও সুমনকে মালয়েশিয়ায় নেওয়ার পর কাজী আবদুল হালিম আরও সাড়ে তিন লাখ টাকা দেওয়ার জন্য বাদলকে চাপ দেন।

বাদল মিয়ার ভাইপো সুমন। ছবি: সংগৃহীত
বাদল মিয়ার ভাইপো সুমন। ছবি: সংগৃহীত

আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, আসামিরা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র। গ্রামের সাধারণ মানুষকে বিদেশে বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায় করে থাকে। মিজানুর ও সুমনকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।

পল্টন থানার পরিদর্শক আবু সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী মিজান ও সুমনকে উদ্ধারের চেষ্টা চলছে। পলাতক আসামি কাজী আবদুল হালিম ও এম এ সাঈদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বাদলের অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়ার জন্য আসামি হালিমের মুঠোফোনে কল দেওয়া হয়। কিন্তু হালিমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তদন্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম খান জানান, প্রধান আসামি হালিমের নামে আরও মামলা আছে। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।