ভাই-ভাতিজার হাতে খুন!
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খিরদাসাদি গ্রামে জাইদুল মিয়া খুন হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ভাই-ভাতিজাদের হাতে তিনি খুন হন বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় জাইদুলের স্ত্রী মনোয়ারাসহ অন্তত পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী খুনের সঙ্গে জড়িত অভিযোগে জাইদুলের ভাতিজা মো. ফারুককে (২৪) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উঠানে ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে গতকাল বেলা ১১টার দিকে মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদি গ্রামের মো. জয়নালের স্ত্রী গুলনাহার বেগমের সঙ্গে জয়নালের ছোট ভাই জাইদুলের স্ত্রী মনোয়ারা বেগমের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে জয়নাল মনোয়ারাকে ঘুষি মারেন। এরপর মনোয়ারা ও তাঁর ছেলে মনির হোসেন (২৪) জয়নালকে গালমন্দ করেন। জয়নাল এতে ক্ষুব্ধ হয়ে তাঁর ছেলে ফারুক, মো. মিলন, মো. ফেরদৌস ও মো. জহিরুলকে নিয়ে মনিরের ওপর হামলা চালান। এ সময় মনিরকে কুপিয়ে আহত করা হয়। ছেলে আহত হওয়ার খবর শুনে বাবা জাইদুল শালমদী বাজার থেকে বাড়ি ফিরে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এর একপর্যায়ে জয়নাল ও তাঁর ছেলেরা জাইদুলের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে জাইদুলকে খুন করার অভিযোগে এলাকাবাসী জয়নালের ছেলে ফারুককে আটক করে পিটুনি দেয়। পরে আড়াইহাজার থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।আহত মনির হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর চাচা জয়নাল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে মামলা না করতে এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে প্রভাবশালী একটি মহল বিভিন্নভাবে চাপ দিচ্ছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।