ভাই মেয়র, বোন কাউন্সিলর প্রার্থী
পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে বড় ভাই মেয়র ও বোন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। গত রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভাই ও বোনের মনোনয়নপত্র চূড়ান্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম কবির। একই পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন জি এম কবিরের ছোট বোন নার্গিস জাহান। নার্গিস জাহান নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ভাইবোনের প্রার্থিতা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা। বোনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য পারিবারিকভাবে উদ্যোগ নেওয়া হতে পারে।
জি এম কবির বলেন, ‘এক পরিবার থেকে দুই পদে দুজন প্রার্থী হওয়ায় নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তবে আমার নির্বাচনের স্বার্থে নার্গিসের (বোন) উচিত প্রার্থিতা প্রত্যাহার করা।’
নার্গিস জাহান বলেন, ‘আমি নির্বাচন করব। তা ছাড়া ভাই মেয়র পদে নির্বাচন করছেন। আর আমি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। এতে কারও কোনো সমস্যা হওয়ার কথা না। স্থানীয় ভোটারদের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’