ভাই হত্যার দায়ে যাবজ্জীবন
চট্টগ্রামে পুকুরের মাছের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মোতাহের হোসেন। আজ মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন।
সরকারি কৌঁসুলি এস এম সিরাজদ্দৌলা প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ২৫ অক্টোবর হাটহাজারী থানার পৌরসভা সদরের আলীপুর এলাকায় পুকুরের মাছের ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাই নুরুল আবছার, তাঁর স্ত্রী সালমা আক্তার ও ভাতিজা আহসান হাবিবকে ছুরিকাঘাতে আহত করেন মোতাহের হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবছার। ঘটনার পরদিন পুলিশ মোতাহেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সালমা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।