মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে শহীদ গিয়াসউদ্দিনের বোন
ভাইকে অপহরণের আগে খুঁজতে বাসায় আসেন মুঈনুদ্দীন-আশরাফ

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী হিসেবে গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ছোট বোন ফরিদা বানু। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর অপহরণের কিছুক্ষণ আগে তাঁর ভাইয়ের খোঁজে বাসায় এসেছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানবিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফরিদা বানুর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে ফরিদা বানু বলেন, তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে অবসর নেন। একাত্তরে তিনি আজিমপুরে সরকারি কোয়ার্টারে থাকতেন। তাঁর বড় ভাই গিয়াসউদ্দিন আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক ও মুহসীন হলের হাউস টিউটর। ভাই হলসংলগ্ন কোয়ার্টারে থাকতেন। ভাই নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। একাত্তরের ১৩ ডিসেম্বর পুলিশ আজিমপুরের কোয়ার্টার খালি করতে বললে তিনি পরিবার নিয়ে বড় ভাইয়ের বাসায় ওঠেন। বাসায় পানি না থাকায় পরদিন সকালে ভাই হলের পাম্প হাউসে যান। তাঁর স্বামী দোতলা থেকে সকাল আটটার দিকে কয়েকজন যুবককে দেখেন। তাঁদের মধ্যে অস্ত্রধারী দুজন বাসায় ঢুকে ভাইয়ের (গিয়াসউদ্দিন) খোঁজ করে না পেয়ে চলে যান। কিছুক্ষণ পর ওই দুই যুবক আবার বাসায় ঢুকে ভাইকে খোঁজার সময় মাসুদা বানুর (গিয়াসউদ্দিনের ভাগনি ও রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী) সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। সে সময় মাসুদা দুই যুবককে চিনতে পারেন। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) সদস্য চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান। পরে অস্ত্রধারী ওই দুজন গিয়াসউদ্দিনকে খুঁজতে বাসা থেকে তাঁর মামাতো ভাই গোলাম কিবরিয়াকে সঙ্গে নিয়ে যান।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, কিবরিয়া বাসায় এলে তাঁর কাছে শোনেন, ভাইকে ওই অস্ত্রধারীরা মুহসীন হলের পাম্প হাউসের ফটক থেকে ধরে হলের দারোয়ান রহিমের কাছ থেকে গামছা নিয়ে তাঁর চোখ বাঁধেন। পরে মাইক্রোবাসে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাঁরা বিভিন্ন স্থানে ভাইকে খোঁজেন। পরে তাঁরা জানতে পারেন, যে মাইক্রোবাসে তুলে ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল, তার চালক মফিজকে ধরেছেন সামাদ নামের এক পুলিশ কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে মফিজ মিরপুরের একটি এলাকা দেখিয়ে জানান, গিয়াসউদ্দিনসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীকে অপহরণ করে সেখানে নেওয়ার পর আশরাফুজ্জামান তাঁদের গুলি করে হত্যা করেন। বাহাত্তরের ৫ জানুয়ারি তাঁরা ওই স্থানে গিয়ে ভাইয়ের গলিত লাশ শনাক্ত করেন।
ফরিদা বানু বলেন, স্বাধীনতার পর পত্রপত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবিসংবলিত প্রতিবেদন দেখে তাঁরা জানেন, বুদ্ধিজীবী অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন। পত্রিকার প্রতিবেদন থেকে তিনি আরও জানেন, আশরাফুজ্জামানের বাসা থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ওই ডায়েরিতে ২০ জন বুদ্ধিজীবীর তালিকা পাওয়া যায়। যাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের নামের পাশে টিক চিহ্ন ছিল।
জবানবন্দি শেষে ফরিদা বানুকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। জেরায় এক প্রশ্নের জবাবে ফরিদা বানু বলেন, ভাই অপহরণ ও হত্যার ব্যাপারে তিনি ১৯৯৭ সালে রমনা থানায় মামলা করেন। আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার ভাইকে অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। ফরিদা বানুর জেরা শেষে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।