ভাইকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই সহোদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর বাড়ি ফিরেছেন ছোট ভাই জুলহাস। তাঁকে আনতে গতকাল সোমবার ভোরে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে যান বড় ভাই শুকুর আলী ও নজরুল ইসলামসহ আত্মীয়স্বজন। জুলহাস এলেন ঠিকই, কিন্তু বাড়ি ফেরেন লাশ হয়ে, সঙ্গে ভাই শুকুরও। কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন আরেক ভাই নজরুল। সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় তাঁদের বহনকারী গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কুয়েতপ্রবাসী ভাই জুলহাসকে (৩৫) আনতে একটি গাড়ি নিয়ে বড় ভাই শুকুর আলী (৪০) ও নজরুল ইসলাম (৩৮) চাচাতো ভাই গোলাম মোস্তফাকে (৪৫) সঙ্গে নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে যান গতকাল ভোরে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাঁরা ওই গাড়িতে করে গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দেবারুপাড়ায় ফিরছিলেন। তাঁদের বহনকারী গাড়িটি সকাল সাতটার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুলহাস ও তাঁর বড় ভাই শুকুর আলী। আহত হন আরেক ভাই নজরুল ইসলাম ও চাচাতো ভাই গোলাম মোস্তফা এবং গাড়িচালক আনোয়ার হোসেন। নজরুল ইসলাম ও গোলাম মোস্তফাকে হাসপাতালে ভর্তি করা হলেও চালক আনোয়ার হোসেন গা ঢাকা দেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই গাড়িতে লুটপাট চালায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ বলেন, দুর্ঘটনার ব্যাপারে নিহত শুকুর আলীর শ্বশুর আলমগীর হোসেন গতকাল একটি মামলা করেছেন। ময়নাতদন্ত ছাড়াই লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।