ভাইকে খুন করে বোনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলায় গত শুক্রবার রাতে ভাইকে খুন করে ছোট বোনকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, সদর উপজেলার দোগাছী পশ্চিমপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে খাদিজা বেগমকে (১৮) পৌরসভার খনজনপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে শিপন হোসেন তিন মাস আগে বিয়ে করেন। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে খাদিজা জানতে পারেন, শিপনের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এক মাস আগে শিপনকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন খাদিজা।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শিপনের নেতৃত্বে ১৮-২০ জনের একটি সশস্ত্র দল মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে দোগাছী পশ্চিমপাড়ায় আবু তালেবের বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে। এ সময় খাদিজার বড় ভাই শফিউল আলম (২৩) বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এরপর খাদিজাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় শফিউলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে গ্রামবাসীর সহায়তায় পালানোর সময় দোগাছী এলাকা থেকে বগুড়ার গাবতলীর সোলায়মান আলীর ছেলে জহুরুল ইসলাম, বগুড়া সদরের নাটাইপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সোয়েল রানা, নূর আলমের ছেলে সৌরভ, ছাইমুদ্দিনের ছেলে মানিক হোসেন ও রাজন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সবার বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
আবু তালেবের ভাষ্যমতে, মাস তিনেক আগে শিপন তাঁর মেয়ে খাদিজাকে জোর করে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যান। বিয়ের কিছুদিন পর খাদিজা নিজ বাড়িতে ফিরে আসেন। এ সময় খাদিজা জানান, শিপনের আগের স্ত্রী-সন্তান রয়েছে। সেখানে ঘরসংসার করা সম্ভব নয়। এক মাস আগে খাদিজা নিজেই শিপনকে তালাক দেন।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ও ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, নিহত শফিউলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। এতে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শফিউলের মামা মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিপনই তাদের বগুড়া থেকে ডেকে নিয়ে এসেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে। ওসি আরও বলেন, খাদিজাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।