ভাইকে খুন করে বোনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দোগাছি পশ্চিমপাড়া গ্রামে যুবককে খুন করে তাঁর ছোট বোনকে অপহরণ করা হয়েছে। তাঁর বোনের সাবেক স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আজ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপহূত ওই নারীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

নিহত ব্যক্তির নাম শফিউল আলম (২৩)। অপহরণের সময় বাধা দেওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁর বাবা আবু তালেব অভিযোগ করেছেন।

আবু তালেবের অভিযোগ, গতকাল রাতে মেয়ের সাবেক স্বামী শিপন দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা করে। তাঁরা তাঁর একমাত্র ছেলে শফিউল আলমকে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মেয়েকে জোর করে নিয়ে যায়।

পুলিশ, এলাকাবাসী ও নিহত ব্যক্তির পরিবার জানায়, একই গ্রামের শিপন হোসেনের সঙ্গে তিন মাস আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে নারীটি জানতে পারেন যে স্বামী শিপনের আগের স্ত্রী ও সন্তান রয়েছে। এক মাস আগে তিনি শিপনকে তালাক দেন।
নিহত শফিউল আলমের পরিবার আরও জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে শিপনের নেতৃত্বে ১৪-১৫ জন সশস্ত্র যুবক মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে দোগাছি পশ্চিমপাড়া গ্রামে ওই নারীর বাসায় যান। তাঁরা দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এ সময় বাড়িতে থাকা ওই নারীর বড় ভাই শফিউল আলম (২৩) বাধা দেন। তাঁকে ছুরিকাঘাত করে শিপন ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে যান। আহত শফিউল আলমকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ সরকার বলেন, হত্যা ও অপহরণের ঘটনায় মামলা দায়ের হয়নি। আটক পাঁচজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নারীর সাবেক স্বামী শিপনই তাঁদের বগুড়া থেকে ডেকে নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।

ওসি আবদুর রশিদ আরও বলেন, নারীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলা দায়ের করার পর বিষয়টি তদন্ত করে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় আটক পাঁচজন হলেন বগুড়া জেলার গাবতলীর জহুরুল ইসলাম (১৬), বগুড়া সদরের নাটাইপাড়া গ্রামের সোয়েল রানা (১৫), সৌরভ (১৭), মানিক হোসেন (১৬) এবং রাজন হোসেন (১৯)।

শফিউলের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।