ভাইকে গলা কেটে হত্যা, ছোট ভাইবোন আটক
জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইবোন মিলে বড় ভাইকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ছিদ্দিক মুন্সী (৩২)।পালিয়ে যাওয়ার পথে পুলিশ বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহত ছিদ্দিকের ছোট ভাই ফয়সাল মুন্সী (২৫) ও ছোট বোন আলোতাজ বেগমকে (২৩) আটক করেছে।পুলিশ সূত্র জানায়, ছিদ্দিক মুন্সী ঢাকা সিটি করপোরেশনের কর্মচারী ছিলেন। তাঁর সঙ্গে ছোট ভাই ফয়সাল ও তিন বোনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল সকালে ছিদ্দিক মুন্সী ও তাঁর স্ত্রী শিউলী বেগম ঢাকা থেকে বাউফলে আসেন। সকাল আটটার দিকে পার্শ্ববর্তী নুরাইনপুন গ্রামে শ্বশুরবাড়িতে স্ত্রীকে রেখে ছিদ্দিক নিজ বাড়িতে আসেন। এ সময় তাঁকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পরে গলা কেটে হত্যা করা হয়।