ভাইকে ঠিকাদারি কাজ দিলেন ইউএনও!
সিলেটের বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলমের স্বাক্ষরে প্রায় ৮০ লাখ টাকার ঠিকাদারি কাজ পেয়েছেন তাঁর ছোট ভাই আবু সাঈদ। এ ক্ষেত্রে ইউএনও সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা মানেননি। ঘটনাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বালাগঞ্জ কার্যালয় নিশ্চিত করেছে।এলজিইডি কার্যালয় সূত্র জানায়, সাঈদের ঠিকাদারি প্রতিষ্ঠান সিটি এন্টারপ্রাইজ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) আওতায় ২০০৮-০৯ অর্থবছরে দুটি প্যাকেজে বালাগঞ্জে ৭৯ লাখ ৮৬ হাজার ৪৯৮ টাকা ব্যয়ে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন (অতিরিক্ত শ্রেণীকক্ষ) নির্মাণ, আসবাব সরবরাহ ও শিক্ষক-কক্ষের সঙ্গে সংযুক্ত শৌচাগার নির্মাণের কাজ পেয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ১৭ ডিসেম্বর মনোহরপুর ও গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ১৯ নভেম্বর কুবেরাইল ও নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরপত্র আহ্বান করে স্থানীয় এলজিইডি। সিটি এন্টারপ্রাইজ ছাড়া অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কেনা থেকে শুরু করে জমা পর্যন্ত কোনো প্রক্রিয়ায়ই অংশ নেয়নি। এ ক্ষেত্রে পুনরায় দরপত্র আহ্বান না করে প্রাক্কলিত ব্যয় থেকে অল্প কিছু কম দরে (৭৯ লাখ ৮৬ হাজার ৪৯৮ টাকা) সিটি এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়। গত ৩ ফেব্রুয়ারি গালিমপুর, মনোহরপুর এবং ২ এপ্রিল কুবেরাইল ও নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে কার্যাদেশ দেওয়া হয়। স্থানীয় এলজিইডি কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ১৭ ধারার (৩) অনুযায়ী ‘একজন সরকারি কর্মচারী তার আওতাধীন এলাকায় সরকারের পূর্ব অনুমতি গ্রহণ ব্যতিরেকে তার পরিবারের কোন সদস্যকে ব্যবসা করতে অনুমতি দিবেন না।’সূত্রটি আরও জানায়, কার্যাদেশের চূড়ান্ত অনুমোদনের এখতিয়ার ইউএনও রফিকুল আলমের। কিন্তু তিনি সরকারের কোনো অনুমতি না নিয়ে ছোট ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠানের ওই দরপত্র অনুমোদন দেন।এ ব্যাপারে ইউএনও রফিকুল আলম বলেন, ‘সিটি এন্টারপ্রাইজ আমার ভাইয়ের প্রতিষ্ঠান। দরপত্রপ্রক্রিয়ায় যে কেউ অংশ নিতে পারেন। সে আরও অনেক জায়গায় কাজ করেছে। ইঞ্জিনিয়ার সবকিছু ঠিক করার পর চূড়ান্ত অনুমোদনের জন্য আমার কাছে ফাইল আসে। অনুমোদন তো এখান থেকেই হবে।’এলজিইডির বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মোল্লা আবুল বাশার বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। তবে এ রকম হয়ে থাকলে তা ঠিক হয়নি।’জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘এ কাজের ব্যাপারে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি। এ ব্যাপারে আমি কিছু জানি না।’