ভাইকে পিটিয়ে স্কুলছাত্রী অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় বিদ্যালয় থেকে ফেরার পথে ভাইকে পিটিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। অপহরণকৃত ছাত্রী রাজারদী চিনিশপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।অপহূত স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাজারদী চিনিশপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলছে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ভেলানগর এলাকার সাদ্দাম হোসেন নামের এক বখাটে অপহূত শিক্ষার্থীকে প্রায় সময় উত্ত্যক্ত করত। তাই ওই শিক্ষার্থী বড়ভাইকে নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়া করত। গতকাল পরীক্ষা শেষ হওয়ার পর বেলা দেড়টার দিকে বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে জামতলা এলাকায় পৌঁছালে সাদ্দাম হোসেন ও তার সহযোগী রাসেল মিয়া, সাইফুল ইসলাম ও সারোয়ার আহমেদ নামের চার সন্ত্রাসী গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা শিক্ষার্থীর বড় ভাইকে পিটিয়ে আহত করে স্কুলছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে নিয়ে যায়। স্কুলছাত্রীর বড় ভাই ও বাবা নরসিংদী সদর মডেল থানার পুলিশকে অবহিত করলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি ।অপহূত স্কুলছাত্রীর বাবা বলেন, ‘এ ঘটনায় আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ বিদ্যালয়ে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা চলছে। আর নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে না পারলে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।’নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণকৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।