ভাইকে মেয়র বানাতে নাসিম ওসমানের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ্রসিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের বিতর্কিত নেতা সাবেক সাংসদ শামীম ওসমান। মেয়র পদে তাঁকে জয়ী করতে উন্নয়নকাজ করার তোড়জোড় শুরু করেছেন তাঁর বড় ভাই সাংসদ নাসিম ওসমান।একই সঙ্গে সাংসদ নাসিম ওসমান তাঁর ভাইকে জয়ী করতে স্থানীয় প্রশাসনে নানাভাবে চাপ প্রয়োগ করে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ উঠেছে।সদর উপজেলার নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও বন্দর উপজেলার কদমরসুল পৌরসভা নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়েছে। এর মধ্যে বিলুপ্ত নারায়ণগঞ্জ ও কদমরসুল পৌর এলাকার সাংসদ হলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান।বন্দর এলাকাবাসী সূত্র জানায়, গত শনিবার বন্দর উপজেলায় সিরাজউদ্দৌলাহ ক্লাব মাঠের পাশে ঢাকা ওয়াসার গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন সাংসদ নাসিম ওসমান। ওই সময় উপস্থিত সরকারি কর্মকর্তাদের সামনে তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে মেয়র নির্বাচিত করলে তাঁরা দুই ভাই মিলে নারায়ণগঞ্জকে এমনভাবে সাজাবেন, যাতে কাউকে কোনো উন্নয়ন কাজের দাবি করতে না হয়। তাঁরা দুই ভাই আগামী দুই বছরের মধ্যে বন্দরের চেহারা বদলে দেবেন।ওই সভায় বক্তৃতাকালে নাসিম ওসমান বন্দরের বিভিন্ন রাস্তা ও নর্দমা নির্মাণে সিটি করপোরেশন প্রশাসককে দেওয়া চিঠির কপি দেখিয়ে বলেন, নির্বাচনের আগেই এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।শীতলক্ষ্যা নদীতে বন্দর উপজেলা ও নারায়ণগঞ্জ শহরের মধ্যে যাতায়াত-সুবিধার জন্য সাংসদ নাসিম ওসমান এক বছর আগে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট এলাকায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে এনে ফেরি সার্ভিসের জেটি উদ্বোধন করেন। কিন্তু গতকাল পর্যন্ত ওই ফেরি সার্ভিস চালু হয়নি। শনিবারের সভায় নাসিম ওসমান আবারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, শিগগিরই ফেরি সেবা চালু হবে। ফেরিতে যানবাহন ওঠানামার জন্য রাস্তার কাজ ১০-১২ দিনের মধ্যে শুরু হবে। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার টাউন প্রকল্পের মহাপরিচালক শাহাদা ৎ হোসেন, নির্বাহী প্রকৌশলী মিহির কুমার দত্ত, নারায়ণগঞ্জ মডসের নির্বাহী প্রকৌশলী আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ওই অনুষ্ঠানে যাওয়ার আগে শনিবার সাংসদ নাসিম ওসমান নগর ভবনে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকসূত্র জানায়, নাসিম ওসমান বন্দর ও সিদ্ধিরগঞ্জে ৩০টি রাস্তা ও নর্দমা নির্মাণকাজ শুরুর জন্য চিঠি দেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা সাংসদের চাপে তা ৎক্ষণিকভাবে ওই সব নির্মাণ কাজের জন্য সম্ভাব্য ব্যয় নির্ধারণ করেন ছয় কোটি টাকা। কর্মকর্তারা সাংসদ নাসিম ওসমানকে বলেন, দুই দিন আগে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নে উন্নয়ন কাজের জন্য দরপত্র সম্পন্ন হয়েছে। বৃষ্টি শেষ হওয়ার আগে আর কোনো নির্মাণ কাজের দরপত্র আহ্বান করবে না করপোরেশন। এ সময় সাংসদ নাসিম ওসমান বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী গত ২৭ জুন তাঁর দায়িত্ব ছাড়ার সময় তহবিলে যে ১৩ কোটি টাকা রেখে গেছেন সেখান থেকে জরুরি ভিত্তিতে তাঁর প্রস্তাবিত উন্নয়নকাজ শুরু করার তাগিদ দেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের মুখপাত্র প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনুল্লাহ নূরী প্রথম আলোকে বলেন, সাংসদ নাসিম ওসমান শনিবার নগর ভবনে এসে রাস্তা ও নর্দমা নির্মাণকাজ শুরু করতে চিঠি দিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণায় ঠিক আগমুহূর্তে একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর সাংসদ ভাইয়ের চিঠিতে সিটি করপোরেশন এলাকায় ছয় কোটি টাকার নির্মাণ কাজের ঘটনাটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে কি না, এ ব্যাপারে আমিনুল্লাহ্ নূরী প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সিটি করপোরেশনের প্রশাসক শাহ্ কামালকে গত দুই দিন নগর ভবনে গিয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করলে তিনি ফোন ধরেননি।যোগাযোগ করা হলে শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াত আইভী প্রথম আলোর কাছে অভিযোগ করেন, সাংসদ নাসিম ওসমান তাঁর ভাই শামীম ওসমানকে মেয়র বানাতে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনের নানাস্তরে প্রভাব বিস্তার করছেন। সরকারের বিভিন্ন দপ্তরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এ ব্যাপারে সাংসদ নাসিম ওসমানের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া গেছে।