ভাইকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে জাকারিয়া আহমদ তাঁর বড় ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী আশফাক আহমদকে (৪৩) হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানায়, আশফাকদের বাড়ি উপজেলার পূর্ব শিলুয়া গ্রামে। পাশের কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় তাঁদের একটি বাসা আছে। সেখানে তাঁর অন্য ভাইদের পরিবারের সদস্যরা থাকেন। আশফাক স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন। মাস দুয়েক আগে তিনি একা দেশে ফেরেন। আশফাক পূর্ব শিলুয়ার বাড়িতে একা থাকতেন। গত ১২ ফেব্রুয়ারি পুলিশ শয়নকক্ষের গোসলখানার মেঝেতে অগ্নিদগ্ধ অবস্থায় আশফাকের লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।এ ঘটনায় আশফাকের অপর ভাই সাহেদ দেলওয়ার চৌধুরী ২৩ ফেব্রুয়ারি জাকারিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ এই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন জুড়ীর যোগীমোড়া গ্রামের ইসলাম উদ্দিন, ফরিদ উদ্দিন ও আয়াত আলী।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে জাকারিয়া খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ও ঘরে আগুন লাগিয়ে পরিকল্পিতভাবে আশফাককে হত্যা করেছেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, জাকারিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার বাদী সাহেদ দেলওয়ার চৌধুরী অভিযোগ করেন, জাকারিয়া তাঁদের যৌথ মালিকানাধীন কিছু জায়গা ভুয়া দলিলের মাধ্যমে অন্য লোকের কাছে বিক্রি করে ফেলেন। আশফাক দেশে ফিরে এ ব্যাপারে জাকারিয়াকে শাসান। এতে ক্ষিপ্ত হয়ে তিনি (জাকারিয়া) ঘটনাটি ঘটান।এ ব্যাপারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জাকারিয়া আহমদের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘জুড়ীতে অগ্নিদগ্ধ হয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসীর মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।