ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে আল আমিন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ছোট ভাই মো. নাজমুলকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় যাবজ্জীবন সাজার দণ্ডাদেশ দিয়েছেন বেলাল হোসেন (২৩) নামের একজনকে। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ শফিকুল করিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নাজমুল পলাতক ছিলেন। তবে বেলাল আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. এমাদুল নামের এক আসামিকে খালাস দেওয়া হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল প্রথম আলোকে বলেন, নাজমুল জামিনে কারাগার থেকে মুক্ত হয়ে পলাতক রয়েছেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জের ধরে আল আমিনকে (২৫) গলা কেটে হত্যা করেন তাঁর ছোট ভাই নাজমুল ও তাঁর সহযোগী বেলাল হোসেন। পরের দিন সকালে পার্শ্ববর্তী চেচড়িরামপুর গ্রামে একটি বাড়ির সামনে আল আমিনের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় আল আমিনের বাবা জিয়াউল হক বাদী হয়ে স্থানীয় থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে নাজমুল ও বেলালকে গ্রেপ্তার করে। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে নাজমুল, বেলাল এমাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।