ভাইকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে বড় ভাইকে গলা কেটে হত্যার দায়ে আদালত ছোট ভাইকে মৃত্যুদণ্ড এবং নিহতের স্ত্রীসহ অপর এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাহামুদ শেখ (২৮) বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের বাসিন্দা ও নিহত এসকেন্দারের ছোট ভাই। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নিহতের স্ত্রী পারভীন বেগম (২৭) ও পাশের সাবোখালী গ্রামের আসাদ তালুকদার (৩৭)। মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন চৌদ্দহাজারী গ্রামের নওয়াব তালুকদার (৩২)। আসাদ তালুকদার পলাতক রয়েছেন। অন্যরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।বিচারক রায়ে মাহামুদকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুজনকেও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মাহামুদের সঙ্গে পারভীনের পরকীয়া ছিল। এ কারণে এসকেন্দার ও পারভীনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। একপর্যায়ে পারভীন ও মাহামুদ মিলে এসকেন্দারকে হত্যার পরিকল্পনা করেন। ২০০৮ সালের ২৩ অক্টোবর গভীর রাতে পারভীন ঘরের দরজা খুলে দিলে মাহামুদ ও তাঁর সহযোগীরা এসকেন্দারকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. মোজাম শেখ বাদী হয়ে পরদিন চিতলমারী থানায় পারভীন ও মাহামুদসহ চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ পারভীন ও মাহামুদকে আটক করলে তাঁরা জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন। চিতলমারী থানার উপপরিদর্শক মো. হুমায়ুন কবির ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার শুনানিকালে আটজনের সাক্ষ্য গ্রহণ করেন।