ভাইকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড
বরগুনায় সৎ ভাইকে হত্যার দায়ে মোতালেব বেপারী (৫৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ বারেকুজ্জামান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে জাকিরতবক গ্রামের বাসিন্দা সোহারাফ হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় সোহরাফের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে সোহারাফের সৎ ভাই মোতালেবের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলার পর গ্রেপ্তার হন মোতালেব। তখন থেকে তিনি কারাগারে আছেন। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৪ জন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় দেন।
সরকারি কৌশলী ভুবন চন্দ্র হাওলাদার প্রথম আলোকে বলেন, সৎ ভাই হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মোতালেবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর মোতালেবকে কারাগারে পাঠানো হয়।
তবে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় মোতালেব বেপারী সাংবাদিকদের বলেন, তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।