ভাইদের সহায়তায় শাহাবের জমি-গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংসদ মো. শাহাব উদ্দিন প্রবাসী ভাইদের টাকায় জমি ও গাড়ি কিনেছেন। আগে ব্যবসা করতেন তিনি। এখন তাঁর পেশা কৃষি।
একই আসনে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ‘কাতারপ্রবাসী’ আহমেদ রিয়াজ উদ্দিন প্রবাসী বন্ধু ও মামার টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন। ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া দুই প্রার্থীর হলফনামা ও নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তির সম্ভাব্য উৎসের বিবরণী পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
কৃষিতে শাহাব উদ্দিন বেশ সাফল্য দেখিয়েছেন। তাঁর সাড়ে ১২ শতক কৃষিজমি রয়েছে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দেওয়া হলফনামা অনুযায়ী, তখন কৃষি খাত থেকে শাহাব উদ্দিনের বছরে আয় হতো ১৮ হাজার টাকা। এটা বেড়ে এখন ৩৬ হাজার টাকা হয়েছে।
সাংসদ হিসেবে বেতনভাতা থেকে বছরে তিন লাখ ৬৬ হাজার টাকা এবং জাতীয় সংসদ থেকে পাওয়া ভাতা থেকে তাঁর আয় হয় ১২ লাখ ১৯ হাজার ৯৯৬ টাকা। নিজের কোনো বাড়ি নেই শাহাব উদ্দিনের। বড়লেখা উপজেলা সদরের পাখিয়ালা গ্রামের পৈর্তৃক বাড়িতে থাকেন তিনি। তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘বিএ’। শাহাব উদ্দিন এবারের হলফনামায় জানিয়েছেন, ঢাকার উত্তরায় প্রবাসী ভাইদের টাকায় তিনি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের পাঁচ কাঠা জমি কিনেছেন। এ ছাড়া প্রায় ৪৮ লাখ টাকায় একটি জিপ কিনেছেন তিনি। এ সময় ভাইয়েরা তাঁকে প্রায় ২৮ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেছেন। ২০০৮ সালে ব্যাংকে তাঁর চার লাখ ৮৫ হাজার ৬৫৩ টাকা জমা থাকলেও এখন তা কমে এক লাখ ৮৮ হাজার ৬৮৪ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকে জমা ওই টাকাও প্রবাসী ভাইদের কাছ থেকে তিনি পেয়েছেন। তবে আগের নির্বাচনের সময় শাহাব উদ্দিনের কোনো গাড়ি ছিল না।
কাতার ফেরত আহমেদ রিয়াজ এবার প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। লেখাপড়া করেছেন দশম শ্রেণী পর্যন্ত। সিলেট নগরে সাড়ে তিন শতক জায়গায় পাঁচ কক্ষের আধা পাকা একটি বসতঘর রয়েছে তাঁর। এ ছাড়া বড়লেখার আজিমগঞ্জ বাজারে একটি দোকানঘর রয়েছে। প্রবাসে থেকে বছরে প্রায় ২৪ লাখ টাকা আয় করেন তিনি। আর ব্যয় হয় ১২ লাখ টাকা। দোকানভাড়া থেকে তাঁর বছরে আয় ২৪ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকে নিজের নামে ১০ লাখ টাকা রয়েছে। স্ত্রীর রয়েছে ২০ ভরি স্বর্ণালংকার। নিজস্ব আয়ের ১০ লাখ টাকা, কাতারপ্রবাসী ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে ধার নেওয়া পাঁচ লাখ টাকা ও কুয়েতপ্রবাসী ব্যবসায়ী মামার দান করা ১০ লাখ টাকা দিয়ে নির্বাচনের ব্যয়ভার মেটাবেন তিনি। বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা বর্তমানে সমন পর্যায়ে রয়েছে। এর আগে ২০০৯ সালের একটি মামলা খারিজ হয়ে গেছে।