ভাইবারসহ পাঁচ সেবা আজই চালু হবে কি না নিশ্চিত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইবার, ট্যাঙ্গোসহ পাঁচটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধের সময়সীমা আজ বুধবার মধ্যরাত পর্যন্ত থাকলেও আজ চালু হবে কি না, তা নিশ্চিত নয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার কাছে জানতে চাইলে তাঁরা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। মুঠোফোন কোম্পানি কিংবা আইজিডব্লিউগুলোর কাছে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই বলে জানা গেছে।
নিরাপত্তার কারণ দেখিয়ে গত শনিবার ভাইবার ও ট্যাঙ্গো সাময়িকভাবে বন্ধ করার পর সোমবার বিটিআরসির এক নির্দেশনায় এ সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত করা হয়। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস এবং মেসেজিং সেবা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
বিটিআরসির এ নির্দেশনার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং অনলাইনগুলো তীব্র সমালোচনায় মুখর হন ব্যবহারকারীরা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার প্রথম আলোকে জানিয়েছিলেন, ইন্টারনেটের এসব সেবা গ্রহণকারীকে শনাক্ত করার যন্ত্র বসানো হচ্ছে। সেটি হলেই এসব সেবা আগের মতো পাওয়া যাবে। এ ক্ষেত্রে দু-এক দিন সময় লাগতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, যে পরিস্থিতিতে ভাইবারসহ এসব সেবা বন্ধ করা হয়েছে, সে পরিস্থিতির পরিবর্তন হয়নি। তাই এসব সেবা নিষেধাজ্ঞামুক্ত হবে কি না নিশ্চিত নয়।