সিরাজগঞ্জে গত তিন দিনে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার এবং ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল সেতুর কাছে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী সৌরভ (৭) ও তার বোন নিপা (৬) নিহত হয়। তাদের বাড়ি কামারখন্দ উপজেলার হায়দারপুর গ্রামে। একই সড়কের বাগডুমুর এলাকায় গতকাল একটি সিএনজিচালিত অটোরিকশার চাপায় মোতালেব (৪৫) নামে এক পথচারী নিহত হন। তাঁর বাড়ি বাগডুমুর গ্রামে। সোমবার রাতে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় একটি ট্রাক মাছবোঝাই একটি মিনি ট্রাককে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের চালক সফিকুল (৩০), তাঁর সহকারী ও একজন মাছ ব্যবসায়ী নিহত হন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার কসবা-কুটি চৌমুহনী সড়কের শাহপুর এলাকায় গতকাল একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আবু তাহের (৫০) নিহত হন। ময়মনসিংহ: ভালুকা উপজেলার ভরাডোবার ক্লাবের বাজার এলাকায় মঙ্গলবার বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। তাঁরা হচ্ছেন নুরুল ইসলাম (৪৫) ও শরিফ মিয়া (২৫)।