ভাইবোনের প্রাণ কাড়ল ট্রাক
সাতক্ষীরা শহরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে ট্রাকচাপায় মেহেদি হাসান (১৯) ও তৈফিকা হাসান রুবিনা (১২) নামের দুই ভাইবোন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনায় পথচারী আরও এক নারী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে; কিন্তু চালক পালিয়ে গেছেন। ঘটনায় আহত নারীকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাইবোনের লাশও এখানে রাখা হয়েছে।
নিহত ভাইবোনের পরিচয় নিশ্চিত করেন তাঁদের বাবার বন্ধু ও প্রতিবেশী তোফায়েল হক। তিনি জানান, মেহেদি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং রুবিনা সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাঁদের বাবা আবদুল জলিল। শহরের ঘোষপাড়ায় তাঁদের বাসা। আজ সকালে রুবিনাকে প্রাইভেট পড়ার জন্য শিক্ষকের বাসায় দিয়ে আসতে মোটরসাইকেল নিয়ে বের হন মেহেদি। পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত রোকসানা খাতুন (২৮) বলেন, ফায়ার সার্ভিস অফিসের সামনে পানিভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই ভাইবোনের মৃত্যু হয়। তিনি জানান, ট্রাকটি তাঁকেও ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ হোসেন জানান, আহত রোকসানার দুটি দাঁত পড়ে গেছে এবং তিনি মাথায় আঘাত পেয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।