ভাইয়ের নির্বাচনী প্রচারণায় সাংসদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) আসনে জাতীয় পার্টির সাংসদ ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে তিনি বিশ্বনাথের দেওকলস ইউনিয়নে জাপার চেয়ারম্যান প্রার্থী সহল আল রাজীর নির্বাচনী কর্মিসভায় যোগ দেন।
সহল আল রাজী সাংসদের আপন ছোট ভাই। দলীয় প্রার্থী ও ছোট ভাই হওয়ার সুবাদে তিনি শনিবার সন্ধ্যায় দেওকলসে তাঁর বাড়িতে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পরে ওই ইউনিয়নে রাতে ও গতকাল রোববার সকালে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
গতকাল বিকেলে মুঠোফোনে সাংসদ ইয়াহইয়া চৌধুরী বলেন, ‘আচরণবিধি সম্পর্কে আমি অবহিত আছি। দলীয় মনোনয়ন নিয়ে ছোট ভাই নির্বাচন করছে। এ জন্য গত প্রায় এক সপ্তাহ আমি বাড়িতে যাইনি। শনিবার জরুরি কাজে বাড়িতে গিয়ে দেখি ছোট ভাইয়ের কর্মিসভা চলছে। অনেকটা ঘরোয়া পরিসর হওয়ায় আমি ওই সভায় উপস্থিত মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেছি মাত্র। এখানে নির্বাচনী প্রচারণা চালানোর মতো কিছু ঘটেনি।’
বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, ‘একাধিক ব্যক্তি আমার কাছে এ বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। আমিও সাংসদকে আচরণবিধি মেনে চলার অনুরোধ করেছি। এর পরও এমন অভিযোগ এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’