ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে পারিবারিক কলহের জেরে গতকাল শনিবার সকালে মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতীয়খণ্ডের তালুকদার কান্দি এলাকায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে জমি নিয়ে কলহের একপর্যায়ে বড় ভাই রব তালুকদার ও ছোট ভাই জুয়েল তালুকদার মেজো ভাই শাজাহান তালুকদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় শাজাহানকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।

কিশোরী উদ্ধার
বরগুনার তালতলী উপজেলা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের সাত দিন পর গত শুক্রবার সন্ধ্যায় বরইতলা ফেরিঘাট থেকে তাকে উদ্ধার করেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়ার ওই কিশোরীকে (১৪) একই গ্রামের আ. বারেক ফরাজীর বখাটে ছেলে মামুন ফরাজী (২৮) ১৭ আগস্ট রাতে অপহরণ করেন। শুক্রবার ফেরিঘাটে তাকে ফেলে পালিয়ে যান মামুন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করেন। আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বিক্ষোভ-অবরোধ
মাগুরার মহমঞ্চদপুর উপজেলার বিনোদপুর বিকে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফুটবল খেলা নিয়ে বচসাকে কেন্দ্র করে খালিয়া গ্রামের রাতুল হোসেন নামের এক যুবক ও তাঁর কয়েক সহযোগী নবম শ্রেণীর শিক্ষার্থী নয়ন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মহমঞ্চদপুর থানায় মামলা হয়েছে। মাগুরা প্রতিনিধি।

জেলা সফর
আগামী ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের সাংগঠনিক কর্মসূচি শুরু হচ্ছে। সফরকালে নেতারা দলের সাংগঠনিক করণীয় এবং দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্-প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে নেতা-কর্মী ও জনসাধারণকে অবহিত করবেন। গতকাল শনিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক সফর সফল করার লক্ষ্যে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতারা এবং মন্ত্রিপরিষদ ও জাতীয় সংসদ সদস্যদের সমন্বয়ে ১৫টি টিম গঠন করা হয়েছে। বাসস।