ভাইয়ের হামলায় আহত ছোট ভাইয়ের মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় বড় ভাই সাহেব মিয়ার হামলায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর গতকাল শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন ছোট ভাই মোকতার মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। তবে এ ঘটনার পর থেকে সাহেব মিয়া গা-ঢাকা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বসতভিটার সীমানা নিয়ে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা গ্রামে দুই ভাই মোকতার মিয়া ও সাহেব মিয়ার মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ২৬ সেপ্টেম্বর সকালে মোকতার মিয়া শাপলাপুর বাজারে যাওয়ার পথে বড় ভাই সাহেব মিয়া তাঁর ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী মোকতারকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে গতকাল বেলা তিনটা পর্যন্ত এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
মহেশখালী থানার ওসি মোহামঞ্চদ আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।