ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার সর্বত্র ভাইরাস জ্বরের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই নতুন করে এই জ্বরে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। শরীরে তীব্র ব্যথা আর কাঁপুনিতে আতঙ্কিত রোগীরা ছুটছে বিভিন্ন হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যে বিরূপ প্রতিক্রিয়ার অংশ হিসেবে ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মান্নান জানান, প্রত্যেক ঘরে এক বা একাধিক লোক ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছে। জ্বরে আক্রান্ত গড়ে অর্ধশত রোগী প্রতিদিন হাসপাতালে আসছে। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। রোগীর শরীরের তাপমাত্রা জ্বরে ১০২ থেকে ১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। জ্বরের স্থায়িত্ব তিন থেকে সাত দিন পর্যন্ত হয়ে থাকে। বৃষ্টি ও প্রচণ্ড গরমের কারণে এ ধরনের জ্বর হয়ে থাকে। তবে এতে ভয়ের কিছু নেই। অধিকাংশ রোগীকে চিকিৎসা ও পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।জেলার অন্যান্য উপজেলায়ও ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে খবর পাওয়া গেছে। বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘এবার বর্ষা মৌসুমেও আবহাওয়া অনেক বৈচিত্র্যময়। বিশেষ করে, প্রচণ্ড গরম-ঠান্ডা আবহাওয়া বিরাজ করায় এ জ্বরের প্রকোপ খুব বেশি আমাদের এলাকায়। শরীরে অস্বাভাবিক তাপমাত্রার কারণে রোগী খুব দুর্বল হয়ে পড়ে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের হাসপাতালগুলোয় এসব রোগীকে প্রতিদিনই সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’