যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য স্থাপন করা থার্মাল স্ক্যানারটি (দেহের উত্তাপ মাপার যন্ত্র) ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না। প্রায় ৩৫ লাখ টাকা দিয়ে যন্ত্রটি কেনা হয়েছিল।
বেনাপোল স্থলবন্দরে ১৪ ডিসেম্বর বেলা একটার দিকে গিয়ে দেখা যায়, অভিবাসন বিভাগের প্রবেশমুখে রয়েছে স্ক্যানারটি। এর পাঁচ-ছয় ফুট দূরে পাশাপাশি দুটি টেবিল। সামনে দুটি চেয়ার। টেবিলের সামনে লোহার খুঁটিতে একটি কম্পিউটার বসানো। স্ক্যানারটিতে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণ তথ্য কম্পিউটারের মনিটরে ভেসে ওঠে। এর একটু দূরে ইমিগ্রেশন ও কাস্টমস প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র। সামনে কাচ দিয়ে ঘেরা কেন্দ্রে একটি টেবিল ও তিনটি চেয়ার। কেন্দ্রের বাইরের অংশের ওপরের দিকে একটি ব্যানার টানানো। তাতে লেখা রয়েছে—সোয়াইন ফ্লু, ইবোলা রোগসহ অন্যান্য সংক্রামক রোগ নিরীক্ষণ ও শনাক্তকরণ কার্যক্রম, স্থান বেনাপোল স্থলবন্দর, চেকপোস্ট, শার্শা, যশোর। ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা, যশোর ও সিভিল সার্জন, যশোর। এখানে দায়িত্ব পালনকারী কাউকে পাওয়া গেল না। প্রায় এক ঘণ্টা পর বন্দরের বাইরের অংশে দেখা মিলল স্বাস্থ্য পরিদর্শক প্রণয় সরকার ও স্বাস্থ্যকর্মী আইয়ুব আলীর।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ কমপ্লেক্সের অধীন বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমস প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রটি পরিচালিত হয়। কেন্দ্রটি থেকে স্থলবন্দর দিয়ে যাতায়াতের সময় যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া সোয়াইন ফ্লু, ইবোলা ও জিকা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের শনাক্তকরণে কেন্দ্রটি কাজ করে। এ জন্য ২০১৪ সালের ৭ ডিসেম্বর বিশ্বব্যাংকের সহায়তায় প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে থার্মাল স্ক্যানারটি স্থাপন করা হয়।
সূত্র জানায়, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রটিতে একজন স্বাস্থ্য পরিদর্শক, একজন মেডিকেল সহকারী, একজন স্বাস্থ্যকর্মী ও একজন স্বেচ্ছাসেবক কর্মরত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ঘোষণা অনুসারে সোয়াইন ফ্লু, ইবোলা ও জিকা ভাইরাসে আক্রান্ত দেশ থেকে বেনাপোল স্থলবন্দরে আসা যাত্রীদের পাসপোর্ট দেখে ইমিগ্রেশন বিভাগ স্বাস্থ্য ডেস্কে পাঠায়। এরপর থার্মাল স্ক্যানারটি দিয়ে যাত্রীদের প্রাথমিক লক্ষণগুলো দেখা হয়। সন্দেহ হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সিভিল
সার্জনকে জানানো হয়। এরপর তাঁদের পরামর্শে আক্রান্ত যাত্রীদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমস প্রাথমিক স্বাস্থ্যপরিচর্যা কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক প্রণয় সরকার বলেন, ‘ইবোলা ভাইরাস ও সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১৭টি দেশের যাত্রীদের ব্যাপারে সতর্কতা জারি করেছিল হু। পরে হু ইবোলা ভাইরাস ও সোয়াইন ফ্লু নির্মূলের ঘোষণা দিয়েছে। এরপর হু জিকা ভাইরাসের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের যাত্রীদের ব্যাপারে সতর্কতা জারি করে। সেভাবে আমরা কাজ করছি। থার্মাল স্ক্যানারটি ব্যবহৃত হচ্ছে। হু সতর্কতা জারি করলে তৎপরতা বেশি থাকে। অন্য সময় যন্ত্রটি চালু থাকলেও কার্যক্রম কম থাকে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঞ্জুরুল মুরশিদ বলেন, ‘হু সতর্কতা জারি করলে সেই অনুযায়ী আমাদের তৎপর থাকতে হয়। অন্য সময় আমরা অ্যালার্ট থাকি, যাতে আক্রান্ত যাত্রী শনাক্ত হওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া যায়। এ পর্যন্ত ইবোলা ও জিকা ভাইরাস এবং সোয়াইন ফ্লুতে আক্রান্ত যাত্রী আমরা পাইনি।’
জেলা সিভিল সার্জন গোপেন্দ্র নাথ আচার্য বলেন, থার্মাল স্ক্যানারটি দিয়ে বর্তমানে জিকা ভাইরাসে আক্রান্ত যাত্রীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হচ্ছে। এ ধরনের যাত্রী এখনো পর্যন্ত শনাক্ত হয়নি।