ভাইরাসজনিত রোগে মারা যাচ্ছে ছাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়মতো প্রতিষেধক না নেওয়ায় পাবনার ঈশ্বরদীর দুটি ইউনিয়নের গৃহপালিত ছাগলের মধ্যে ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়েছে। দুই মাসে লক্ষ্মীকুণ্ডা ও সাহাপুর ইউনিয়নে এ রোগে শতাধিক ছাগল মারা গেছে।
স্থানীয় চার-পাঁচজন কৃষক জানান, পিপিআর নামক ভাইরাসজনিত রোগে অনেক ছাগল আক্রান্ত হচ্ছে। আক্রান্ত ছাগল প্রথম দিকে শুধু রোদে শুয়ে থাকতে চায়। এরপর ছাগলটির শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। পরে শুরু হয় ঘন ঘন পাতলা পায়খানা। মুখগহ্বরে ক্ষত দেখা দেয়। এভাবে আট-দশ দিন ভোগার পর ছাগলটি মারা যায়। এরই মধ্যে এ রোগে শতাধিক ছাগল মারা গেছে।
লক্ষ্মীকুণ্ডার কামালপুর মধ্যপাড়া গ্রামের উন্নয়নকর্মী মলিনা খাতুন বলেন, তিনি বাড়িতে ১০টি ছাগল পালতেন। কিন্তু ভাইরাসে আক্রান্ত হয়ে গত সপ্তাহে দুটি ছাগল মারা গেছে। বাকিগুলোও আক্রান্ত। তবে সেগুলোর চিকিৎসা চলছে।
সাহাপুর ইউনিয়নের ছাইফুল ইসলাম বলেন, গত ২৫ এপ্রিল তাঁর এক আত্মীয়ের পাঁচটি ছাগল ভাইরাসে আক্রান্তে হয়ে এক দিনে মারা যায়।
সাহাপুরের বাবুলচরা গ্রামের পল্লি পশুচিকিৎসক সাইদুল ইসলাম বলেন, লক্ষ্মীকুণ্ডা ও সাহাপুর ইউনিয়নে অনেক ছাগল পালন করা হয়। তিনি গত দুই মাসে এ রোগে আক্রান্ত কয়েক শ ছাগলের চিকিৎসা করেছেন। এর মধ্যে প্রায় ১০০ ছাগলের মৃত্যু হয়েছে।
তবে গ্রামবাসীর অভিযোগ, দুই মাস ধরে এই দুই ইউনিয়নে ভাইরাসজনিত রোগে গৃহপালিত ছাগলের মৃত্যু হতে থাকলেও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি। সময়মতো ভ্যাকসিন না পাওয়ায় ছাগল মারা যাচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে গবাদিপশু ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে। তবে পিপিআর নয়, বাতজ্বরে আক্রান্ত হয়ে ছাগলগুলো মারা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সেখানে ভ্যাকসিন পাঠানো হয়েছে।