ভাইরাসের সংক্রমণে মরছে বাগদা চিংড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়িঘেরগুলোতে ভাইরাস সংক্রমণের কারণে ব্যাপক হারে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। বছরের শুরুতে চিংড়িশিল্পে এমন বিপর্যয়ের কারণে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্তকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, পানি কমে যাওয়া, লবণাক্ততা ও উষ্ণতা বৃদ্ধির কারণে চিংড়িঘেরে ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে বিক্রির উপযোগী বাগদা চিংড়ি ব্যাপক হারে মারা যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি ঘেরের মারা যাওয়া চিংড়ি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর ভাইরাসের সংক্রমণের প্রকৃত কারণ জানা যাবে। তবে সেমি ইনটেনসিভ পদ্ধতিতে চাষ করে এ বিপর্যয় এড়ানো যাবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে ভাইরাসের আক্রমণ ততটা না হলেও এভাবে চলতে থাকলে চিংড়ির লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়বে।উপজেলার রমজাননগর, কৈখালী, আটুলিয়াসহ উপকূলীয় এলাকার চাষিদের সঙ্গে কথা বলে ঘেরগুলোতে ব্যাপক হারে চিংড়ি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, ভাইরাসের কারণে বিক্রির উপযুক্ত হওয়ার আগ মুহূর্তে চিংড়িগুলো মারা যাচ্ছে। অন্যদিকে হ্যাচারিতে অধিকাংশ ক্ষেত্রে রেণু পোনা ফুটছে না। তাঁদের দাবি, গত বছরও ব্যাপক হারে চিংড়ি মারা গেছে। ফলে অধিকাংশ চাষি তাঁদের বিনিয়োগ করা টাকা ওঠাতে পারেননি। এবার মৌসুমের শুরু থেকে এ অবস্থা অব্যাহত থাকলে অনেক চাষি সর্বস্বান্ত হয়ে যাবে।উপজেলার সোরা গ্রামের শহীদুজ্জামান জানান, তাঁর ৪০ বিঘা জমির ঘেরের চিংড়ি চলতি মাসের তৃতীয় সপ্তাহে ধরার কথা। দুই সপ্তাহ আগে হঠাৎ করে চিংড়িতে এক ধরনের সাদা দাগ দেখা দেয়। এরপর দ্রুত নিস্তেজ হয়ে চিংড়িগুলো মরে যাচ্ছে। কোনো কিছুতে কাজ না হওয়ায় বাধ্য হয়ে অপরিণত চিংড়ি স্বল্পমূল্যে বাজারজাত করতে হয়েছে। তিনি আরও জানান, গত বছর উপজেলার পাঁচ শতাধিক চিংড়ি চাষির নামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মামলা করে। ফলে গত বছর অনেক এলাকায় চিংড়ি চাষ বন্ধ থাকার পর এবার উৎপাদন বিপর্যয়ে চাষিরা দুঃশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।কৈখালী গ্রামের মাহাবুব আজাদ জানান, তাঁর ২০ বিঘা জমির ঘেরে এপ্রিলের শেষের দিক থেকে চিংড়ি ধরার কথা। হঠাৎ করে গত সপ্তাহে তাঁর প্রথম পর্যায়ের ১০ হাজার চিংড়ির অধিকাংশ মারা গেছে। চিংড়ি মরে যাওয়ায় তিনি ঘেরের জমির ইজারার টাকা মালিককে পরিশোধ করতে পারেননি। প্রায় একই ধরনের কথা বললেন আটুলিয়া গ্রামের তরুণ মণ্ডলসহ কয়েকজন।উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার প্রায় ১৪ হাজার ৬৫৯ হেক্টর জমিতে ১৩ হাজার ৭৯১টি চিংড়িঘের অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৮০০ মেট্রিক টন।