ভাইস চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে চালককে খুন করে মাইক্রোবাস ছিনতাইয়ের মামলায় কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলীপ কুমার দেবনাথ গতকাল বুধবার এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাইস চেয়ারম্যান সুলেমান পাটোয়ারী, তাঁর ১০ সহযোগী একই উপজেলার বাসিন্দা আজম খান, জুবায়ের হোসেন, আবদুস শহীদ, শাহ আলম সুমন, শামীম মিয়া, জহুর আলী, রোমান ওরফে রুবেল, আলা উদ্দিন, সালাহ উদ্দিন ও মো. শাহজাহান। উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান পাটোয়ারী, জুবায়ের, আজম, আলা উদ্দিন ও সুমন পলাতক রয়েছেন। বাকিরা কারাবন্দী। মামলার চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ঢাকায় যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাস ভাড়া করেন ১৫ ব্যক্তি। এর পর থেকে গাড়িটির চালক মোহাম্মদ মহসিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ৬ অক্টোবর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন রাবার বাগানে মহসিনের লাশ পাওয়া যায়। নিহত চালক মহসিন মিয়া শ্রীমঙ্গল উপজেলার সুনাইগড় গ্রামের ইউনুস মিয়ার ছেলে।