ভাইস চেয়ারম্যান পদও কম পেয়েছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের মতো ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও বেশি বিজয়ী হয়েছেন বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীরা। এ দুই পদেও বিজয়ের ক্ষেত্রে পিছিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা।
প্রথম ধাপে গত বুধবার দেশের ৯৭টি উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি-সমর্থিত ৩২ জন ভাইস চেয়ারম্যান ও ৩৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। সেখানে আওয়ামী লীগ-সমর্থিত ২৯ জন ভাইস চেয়ারম্যান ও ৩৭ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের অন্যতম প্রধান শরিক জামায়াত-সমর্থিত ২৩ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। এই জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোট-সমর্থিত তিনজন যথাক্রমে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, হবিগঞ্জের বাহুবল ও চট্টগ্রামের হাটহাজারীতে বিজয়ী হয়েছেন। নরসিংদীর বেলাবতে বিএনপির এক ‘বিদ্রোহী’ প্রার্থী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সব মিলিয়ে ৯৭টি উপজেলায় ১৯৪টি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের মধ্যে বিএনপি ও এর জোটের শরিকদের ১০৭ জন প্রার্থী জয় পেয়েছেন। এর বিপরীতে এ দুটি পদে আওয়ামী লীগ ও তার নেতৃত্বাধীন ১৪ দলের সমর্থক ৬৯ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগ-সমর্থক তালামীযে ইসলামিয়া সংগঠনের একজন ভাইস চেয়ারম্যান, একই উপজেলায় জাসদের একজন মহিলা ভাইস চেয়ারম্যান ও সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
এদিকে আওয়ামী লীগের মিত্র ও দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন পাঁচজন ভাইস চেয়ারম্যান ও আটজন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া খাগড়াছড়ির মহালছড়িতে জনসংহতি সমিতির এম এন লারমা পক্ষের একজন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
একটির ফল স্থগিত থাকায় বাকি ৯৬টি উপজেলার মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা ৩৪টি, বিএনপি-সমর্থিত প্রার্থীরা ৪৩, জামায়াত-সমর্থিত প্রার্থীরা ১২, জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী একটিতে এবং অন্যান্য ছয়টিতে বিজয়ী হন।